Home খেলাধুলা কোহলির লজ্জার নজির, দেড় শ রানে শেষ ভারত

কোহলির লজ্জার নজির, দেড় শ রানে শেষ ভারত

17


স্পোর্টস ডেস্ক

ব্যাটে রানখরা চলছেই ভারতীয় ব্যাটার বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’র প্রথম ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ এই তারকা। ১২ বলে মাত্র ৫ রান করেই বিদায় নিতে হয়েছে এক সময়ে নম্বর ওয়ান এই ব্যাটারকে। তিনিসহ অন্যদের ব্যর্থতায় পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানেই থেমেছে ভারত।

অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও ব্যর্থ ছিলেন কোহলি। আজকের আগে তার খেলা চারটি টেস্ট ইনিংসে রান যথাক্রমে—১, ৪, ১৭ ও ১। টানা ৫ ইনিংসে ২০ রানের নিচে কোহলি আউট হলেন ৭ বছরেরও বেশি সময় পর। সবশেষ ২০১৭ সালে এমন লজ্জার নজির গড়েছিলেন এই তারকা।

কোহলির মতো ব্যর্থ ভারতের অন্যরাও। মাত্র ৪ ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের রানের দেখা। হাফ সেঞ্চুরি আদায় করে নিতে পারেননি কেউই। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান এসেছে অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডির ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন রিশাভ পান্ত।

পার্থের গ্যাবায় আজ নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা না থাকায় জাসপ্রিত বুমরাহ অধিনায়কত্ব করেছেন। টসে জিতে ব্যাটিং বেছে নেন তিনি। প্রথমবারের মতো একাদশে সুযোগ দেওয়া হয় রেড্ডি ও পেসার হরশিত রানাকে। দীর্ঘদিন মিডল অর্ডারে ব্যাট করা লোকেশ রাহুলকে আনা হয় ওপেনিংয়ে। এই জায়গায় অনভ্যস্ত হলেও দৃঢ়তা দেখানোর চেষ্টা করেছেন তিনি। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৬ রান আসে তার ব্যাটেই।

ওপেনার যশস্বী জয়সোয়ালের মতো শূন্য রানে আউট হয়েছে শুভমান গিলের পরিবর্তে তিনে জায়গা পাওয়া দেবদূত পাডিক্কালও। ছয় ও সাতে নামা ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দরও দলের ভরসা হতে পারেননি। সপ্তম উইকেটে নবাগত রেড্ডির সঙ্গে দলের সর্বোচ্চ ৪৮ রানের জুটি গড়েন পান্ত। শেষ পর্যন্ত এই নীতিশের দৃঢ়তায়ই দেড় শ ছোঁয় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে আগুন ঝড়ান জশ হ্যাজলউড। ১৩ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। দুইটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ। কোনো উইকেট আদায় করতে পারেননি নাথান লায়ন।