স্পোর্টস ডেস্ক
পার্থে ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’র প্রথম ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান বোলারদের তোপে ১৫০ রানেই গুটিয়ে যায় ভারত। সফরকারীদের অল্প রানে গুটিয়ে দিয়ে লিড নেওয়ার স্বপ্নে ছিল অস্ট্রেলিয়া। তবে পার্থের পেস সহায়ক উইকেটে স্বাগতিক বোলারদের চেয়েও ভয়ংকর রূপ দেখিয়েছেন ভারতের পেসাররা। ৫৯ রানের মধ্যে ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার ৭ উইকেটে।
শেষ পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ওই ৭ উইকেট হারিয়েই ৬৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে সফরকারীদের চেয়ে এখনো ৮৩ রানে পিছিয়ে স্বাগতিকরা। উইকেটে অ্যালেক্স ক্যারির (১৯) সঙ্গে আছেন মিচেল স্টার্ক (৬)।
পার্থের গ্যাবায় আজ নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা না থাকায় জাসপ্রিত বুমরাহ অধিনায়কত্ব করেছেন। টসে জিতে ব্যাটিং বেছে নেন তিনি। প্রথমবারের মতো একাদশে সুযোগ দেওয়া হয় রেড্ডি ও পেসার হরশিত রানাকে। দীর্ঘদিন মিডল অর্ডারে ব্যাট করা লোকেশ রাহুলকে আনা হয় ওপেনিংয়ে। এই জায়গায় অনভ্যস্ত হলেও দৃঢ়তা দেখানোর চেষ্টা করেছেন তিনি। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৬ রান আসে তার ব্যাটেই।
ওপেনার যশস্বী জয়সোয়ালের মতো শূন্য রানে আউট হয়েছে শুভমান গিলের পরিবর্তে তিনে জায়গা পাওয়া দেবদূত পাডিক্কালও। ব্যাটে রানখরা চলছেই ভারতীয় ব্যাটার বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’র প্রথম ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ এই তারকা। ১২ বলে মাত্র ৫ রান করেই বিদায় নিতে হয়েছে এক সময়ে নম্বর ওয়ান এই ব্যাটারকে। তিনিসহ অন্যদের ব্যর্থতায় পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানেই থেমেছে ভারত।
মাত্র ৪ ভারতীয় ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের রানের দেখা। হাফ সেঞ্চুরি আদায় করে নিতে পারেননি কেউই। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান এসেছে অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডির ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন রিশাভ পান্ত। ছয় ও সাতে নামা ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দরও দলের ভরসা হতে পারেননি। সপ্তম উইকেটে নবাগত রেড্ডির সঙ্গে দলের সর্বোচ্চ ৪৮ রানের জুটি গড়েন পান্ত। শেষ পর্যন্ত এই নীতিশের দৃঢ়তায়ই দেড় শ ছোঁয় ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে আগুন ঝড়ান জশ হ্যাজলউড। ১৩ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। দুইটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ। কোনো উইকেট আদায় করতে পারেননি নাথান লায়ন।
ভারতের করা দেড় শ রান অতিক্রম করতে গিয়ে শুরুতেই বুমরাহর তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ১৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার টপ অর্ডারের তিন ব্যাটার নাথান ম্যাকসুয়েনি, উসমান খাজা ও স্টিভেন স্মিথকে বিদায় করেন তিনি। প্রথম স্পেলে আরেক পেসার মোহাম্মদ সিরাজ সুবিধা করতে না পারায় আনা হয় অভিষিক্ত রানাকে। আক্রমণে গিয়েই ভয়ঙ্কর ব্যাটার ট্রাভিস হেডকে ফেরান তিনি।
প্রথম স্পেলে সুবিধা করতে না পারলেও নিজের দ্বিতীয় স্পেলে ভয়ংকর হয়ে ওঠেন সিরাজ। এই সময়ে মিচেল মার্শ ও উইকেটে জমে যাওয়া মারনাস লাবুশেনকে ফিরিয়ে ভারতের আধিপত্য দৃঢ় করেন তিনি। পঞ্চাশের আগেই ৬ উইকেট হারিয়ে দিশেহারা ভারত ৫৯ রানের মাথায় হারায় সপ্তম উইকেট। অজি অধিনায়ক কামিন্সকে ফিরিয়ে স্বাগতিকদের বিপদ আরও বাড়ান ভারত অধিনায়ক বুমরাহ।











































