স্পোর্টস ডেস্ক
২২ বছর বয়সে মারা গেছেন ইকুয়েডরের মিডফিল্ডার মার্কো এনগুলো। সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর পাঁচ সপ্তাহ পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এনগুলোর ক্লাব এলডিইউ কিতো মৃত্যুর খবর জানিয়েছে। গত ৭ অক্টোবর দুর্ঘটনার পর থেকে ইকুয়েডরের রাজধানী কিতোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
এর আগে হাসপাতালে এনগুলোর বেশ কয়েকটি অস্ত্রোপচার করানো হয় এবং এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।
ইকুয়েডরের জার্সিতে তার অভিষেক হয় ২০২২ সালের নভেম্বরে। জাতীয় দলের হয়ে খেলেছেন তিনটি ম্যাচ।











































