স্পোর্টস ডেস্ক
এসিসি ইমার্জিং কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে আফগানিস্তান। দলকে এই পর্যায়ে নিতে সবচেয়ে বড় ভূমিকা তাদের ওপেনার সেদিকুল্লাহ আতালের। গ্রুপপর্বের তিন ম্যাচেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। এর মধ্যে তাওহিদ হৃদয়-পারভেজ হোসেন ইমনদের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ দলও আছে। ৯৫ রানের ইনিংস খেলে বাংলাদেশকে কাঁদিয়ে ছেড়েছেন এই তারকা।
ঘরোয়া ক্রিকেটেও আলো ছড়িয়েছেন আতাল। আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে একবার ওভারে ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন এই তারকা। এবার আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তাকে দলে ভেড়াল রংপুর রাইডার্স।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের একাদশতম আসর। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সাতটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দমতো দল সাজিয়েছে। তবে এখনো সরাসরি চুক্তিতে দলে ক্রিকেটার নেওয়ার সুযোগ আছে। সে হিসেবেই আতালকে দলে নিয়েছে রংপুর।
নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আতালকে দলে ভেড়ানোর সংবাদ জানিয়ে রংপুর লিখেছে, ‘সেদিকুল্লাহ অটলকে রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম! সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর এক মৌসুম!’
রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, সেদিকুল্লাহ আতাল, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।











































