ক্রীড়া প্রতিবেদক
নেপালে চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেরা দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অপরাজিত থেকেই ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের বিপক্ষে খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। এবারের সাফে সাবিনাদের ডাগআউটে নেই গত আসরের শিরোপাজয়ী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। এবার ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলছেন মেয়েরা। তবে না থেকেও এবারের দলের সাফল্যে কৃতিত্ব আছে কোচ ছোটনের।
ভারতকে হারানোর পর বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশের মেয়েরা। গতকাল নেপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক সাবিনা খাতুন জানালেন, ভারত ম্যাচের আগে কোচ ছোটনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কীভাবে সফল হতে হবে, সেই টোটকাও নেন সাবিনা। ছোটন যে পরামর্শ দেন, সেটি সতীর্থদের মধ্যে ছড়িয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। সবাইকে উজ্জীবিত হওয়ার বার্তা দেন সাবিনা।
তিনি বলেন, ‘প্রত্যেকটা ম্যাচের আগে আমি ছোটন স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। ১৪ বছর ধরে সম্পর্ক উনার সঙ্গে। উনি আমাকে আমার চেয়েও ভালো চেনেন। শুধু আমাকে না, প্রত্যেকটা খেলোয়াড়কেই। স্যার বলছিলেন যে, ‘‘একটা বিষয় হচ্ছে তোমরা যদি হেরে যাও, তোমরা সেমিতে যাবা। জিতলে কিংবা ড্র করলেও তোমরা সেমিতে যাবা। ফাইনাল খেলার একটা সুবর্ণ সুযোগ থাকবে, যদি জানপ্রাণ দিয়ে খেলে ম্যাচটি জিত।’’ আমি সবাইকে শুধু এই বার্তাটি দিয়েছিলাম, কিন্তু আমি বলিনি যে, স্যার এটা বলেছেন। যেহেতু অনেক বিতর্ক হচ্ছে এটা নিয়ে। আমার কাছে মনে হয়েছে যে, এই বার্তাটা আমার কাছ থেকেই যাক। বিশেষ করে মাসুরাকে বলা হয়েছিল, সে ডিফেন্ডার, সে যদি দাঁড়াতে পারে, তাহলে দলের আর কোনো সমস্যা হবে না।’
ছোটনের বার্তা পেয়ে ভারতের বিপক্ষে বাজিমাত করেছে মেয়েরা। শক্তিশালী ভারতকে মাটিতে নামিয়ে দিয়েছেন তারা। শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেলেন লাল-সবুজের জার্সিধারীরা। সাবিনা জানান, পাকিস্তানের বিপক্ষে খেলা দলে যদি কয়েকটি পরিবর্তন আনা যায়, তাহলে আরও ভালো করবে বাংলাদেশ। দলে সিনিয়র-জুনিয়র খেলোয়াড়দের নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেটি উড়িয়ে দিয়েছেন সাবিনা। সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বেশ ভালো বোঝাপড়া রয়েছে। তাদের মধ্যে ভালো সম্পর্ক। সামনে প্রতিপক্ষ ভুটান। প্রতিটি ম্যাচেই চ্যালেঞ্জ দেখছেন সাবিনা। এই চ্যালেঞ্জ জয় করে সামনে এগিয়ে যেতে হবে।
আগামী ২৭ অক্টোবর (রবিবার) দুপুরে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপালের প্রতিপক্ষ ভারত। টুর্নামেন্টের ফাইনাল ৩০ অক্টোবর।











































