স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাবিথ আউয়াল। আজ মঙ্গলবার তাবিথের পক্ষে তার ভাই তাজওয়ার আউয়াল মনোনয়ন জমা দিয়েছেন।
আরামবাগ ক্লাবের সভাপতি তাজওয়ার ফুটবল সংগঠক হিসেবে ভাইয়ের কাছে তার প্রত্যাশা জানিয়ে বলেছেন, ‘আমি চাইব দেশের ফুটবলকে যেন তৃণমূল থেকে উন্নয়ন করা হয়। ফুটবল নিয়ে আমরা আশাবাদী। ফুটবলে কাজ করার অনেক জায়গা আছে।’
এদিকে কাউন্সিলর হিসেবে ভোটারদের কাছ থেকে অনেক ফোন পাচ্ছেন বলে জানিয়েছেন তাজওয়ার। তিনি বলেন , ‘আমাকে অনেকই ভোটের জন্য কল করছেন। আমি তাদের প্রথমেই জানতে চাচ্ছি আমার ভোটের বিপরীতে ফুটবলকে কী দেবেন। তাদের সঙ্গে কথা হচ্ছে। যাদের কথা ভালো লাগবে তাদের ভোট দেব।’
আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নমিনেশন ফরম বিক্রি সম্পন্ন হয়েছে।










































