Home খেলাধুলা পাকিস্তান দল থেকে বাদ পড়তে যাচ্ছেন বাবর

পাকিস্তান দল থেকে বাদ পড়তে যাচ্ছেন বাবর

27


স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন বাবর আজম। সদ্য গঠিত নির্বাচক কমিটির সুপারিশে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো এমনটাই জানিয়েছে।

বাবরকে পাকিস্তান ক্রিকেটে সর্বকালের সেরা বিবেচনা করা হলেও, টেস্ট ক্রিকেটে সম্প্রতি বাজে সময় কাটছে তার। ডানহাতি এই ব্যাটার টানা ১৮ ইনিংস ধরে ফিফটির দেখা পাননি। যেখানে ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৯ টেস্ট খেলে তার ব্যাটিং গড় ২১ এর নিচে।

যদিও নতুন নির্বাচক কমিটি এসেই বেশ সাহসী সিদ্ধান্ত পথেই হাঁটল। দলের বাইরে থাকাটা বরং বাবরের জন্যই ভালো হবে বলে মনে করছে কমিটি। নতুন এই কমিটিতে আছেন আকিব জাভেদ, আসাদ শফিক, আজহার আলী, হাসান চিমা, সাবেক আম্পায়ার আলিম দার ও আম্পায়ার-কোচ।

কিছুদিন আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বাবর। কিন্তু এরপর টেস্টেও নিজের চেনা রূপে ফিরতে পারছেন না। মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফ্ল্যাট উইকেটেও দুই ইনিংস মিলিয়ে কেবল ৩৫ রান করেন ডানহাতি এই ব্যাটার। সেই ম্যাচ পাকিস্তান হারে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে।

এদিকে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বাবর ছাড়াও পাকিস্তান একাদশে আরও পরিবর্তন দেখা যাবে। অসুস্থতার কারণে এই টেস্ট খেলতে পারবেন না আবরার আহমেদ। তার জায়গায় আসতে পারেন নোমান আলী কিংবা সাজিদ খান।