স্পোর্টস ডেস্ক
মুলতানে ৩ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৫৬ রানের পাহাড়সম স্কোর গড়েছিল পাকিস্তান। তবে বিশাল এই রান নিয়েও চরম অস্বস্তিতে স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৩ উইকেট হারিয়েই ৪৯২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। পাকিস্তানের চেয়ে এখন পিছিয়ে মাত্র ৬৪ রানে, হাতে এখনো ৭ উইকেট।
পাকিস্তান টেস্ট ধাচে ব্যাট করলেও সফরকারী ইংল্যান্ড রান তুলেছে ওয়ানডে ধাচে। মুলতানে স্বাগতিকরা রান তুলেছে ওভারপ্রতি ৩.৭৩ হারে। আর ১০১ ওভারে ৪৯২ করা ইংল্যান্ড রান তুলেছে ৪.৮৭ হারে। ইংলিশদের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন জো রুট ও হ্যারি ব্রুক।
আগের দিনের ১ উইকেটে ৯৬ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে ইংল্যান্ড। এদিন সকালের শুরুতেই ফিরে যান ৭৮ রান করা জ্যাক ক্রলি। এরপর এক পাশে রুট ধরে খেললেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন বেন ডাকেট। দুজনে মিলে গড়েন ১৩৬ রানের জুটি। দলীয় ২৪৯ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ফেরেন ডাকেট। তার আগে ৭৫ বলে ১১টি চারে করেন ৮৪ রান।
ডাকেটের বিদায়ের পরই মাঠে নামেন ব্রুক। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন দুর্দান্ত জুটি। দুজনে একসঙ্গে এখনো পর্যন্ত যোগ করেছেন ২৪৩ রান। পাকিস্তানের বিপক্ষে চতুর্থ উইকেটে যা ইংল্যান্ডের জুটির রেকর্ড। এদিন ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরি তুলে নেন রুট। ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ২৪ রান পিছিয়ে তিনি। ২৭৭ বলে ১২টি চারে ১৭৬ রানে অপরাজিত আছেন ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক। আরেক পাশে ১৭৩ বলে ১৪১ রান করে অপরাজিত আছেন ব্রুক।











































