স্পোর্টস ডেস্ক
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশি পেসারদের বেধড়ক পিটিয়েছিলেন ভারতের ব্যাটাররা। শরিফুল ইসলামের ইকোনমি দশের নিচে থাকলেও তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান রান বিলিয়েছেন দু’হাতে। তবে আজ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভিন্ন চিত্র দেখাচ্ছেন পেসাররা। পাওয়ার প্লেতে বল হাতে ভারতের প্রথম ৩ উইকেটের সবগুলোই নিয়েছেন পেসাররা। ওভারপ্রতি রানও দিয়েছেন অনেক কম।
প্রথম ৯ ওভার শেষে ভারতের রান ৩ উইকেট হারিয়ে ৭৭। উইকেটে নীতীশ কুমার রেড্ডির সঙ্গে (২৩) আছেন রিংকু সিং (১৭)।
আজ টসে জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুর ওভারে এসে মেহেদী হাসান মিরাজ ১৫ রান দিলে রানবন্যার আশঙ্কা দেখা দেয় বাংলাদেশ শিবিরে। তবে এরপর পাওয়ার প্লের বাকি ৫ ওভার করেন পেসাররা।
দলীয় দ্বিতীয় ওভারের শেষ বলে সঞ্জু স্যামসনকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দলীয় ১৭ রানের মাথায় ১০ রান করে শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এই ম্যাচে শরিফুল ইসলামের পরিবর্তে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। নিজের প্রথম ওভারে সাফল্য পেয়েছেন তিনিও। ১১ বলে ১৫ রান করা অভিষেক শর্মাকে সরাসরি বোল্ড করেছেন এই ডানহাতি পেসার।
আগের ম্যাচে দুইশর ওপর স্ট্রাইকরেট রেখে ব্যাট করলেও আজ নিষ্প্রভ ছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। দলীয় ৪১ রানের মাথায় মোস্তাফিজুর রহমানের বলে সেই শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর নীতীশের সঙ্গে জুটি বাধেন রিংকু।











































