নড়াইল প্রতিনিধি
টানা বৃষ্টিতে নড়াইল জেলার লোহাগড়া-নহাটা-কালিশংকরপুর সড়কের বিভিন্ন অংশ ধ্বসে গেছে। নবগঙ্গা নদী তীরবর্তী এই সড়কটির বিভিন্ন অংশ ধসে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে হালকা যানবাহন ও পথচারীরা। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, লোহাগড়া-নহাটা-কালিশংকরপুর সড়কটি উপজেলা শহর হতে জয়পুর, কাশিপুর, নোয়াগ্রাম, নলদী ইউনিয়ন অতিক্রম করে মাগুরার নহাটা হয়ে জেলা শহরের সাথে মিশেছে। লোহাগড়া উপজেলার উপর দিয়ে মাগুরা জেলার শালিখাসহ বিভিন্ন এলাকার যানবাহন রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় চলাচলের ক্ষেত্রে সড়কটির বেশ গুরুত্ব রয়েছে। পদ্মা সেতু ও মধুমতি সেতু নির্মাণের পর সড়কটির গুরুত্ব আরও বেড়ে যায়।
নবগঙ্গা নদীর বাঁধ হিসেবে এই সড়কটি নির্মাণ করা হলেও গুরুত্ব বিবেচনায় সড়ক ও জনপথ অধিদপ্তর সড়কটি পাকা করে। এতে যানবাহন চলাচলে আরও সুবিধা হয়। অধিক যানবাহন চলাচলের কারণে ৫-৬ বছর আগে সড়কটি প্রশস্ত করা হয়।
সড়কের অধিকাংশ এলাকা নবগঙ্গা নদীর পাড়ে হওয়ায় এবছর অধিক বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর, ব্রাহ্মণডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, বাড়ীভাঙ্গা সেতুর পাশের অংশ, নলদী ইউনিয়নের জালালসী মাদ্রাসাসহ আশেপাশের এলাকা, নলদী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় রাস্তার প্রায় অর্ধেক বা কোনো কোনো স্থানে কিছুটা কম অংশ জুড়ে ধ্বসে গিয়েছে। এছাড়াও বিভিন্ন অংশ ধ্বসে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নলদী বাজারের পাট ব্যবসায়ী শাহিনুর রহমান বলেন, ‘সড়কটির নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনের অংশ ও ব্রাহ্মণডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের অংশ ভারী বর্ষণের কারণে নদীগর্ভে ধ্বসে পড়েছে। এছাড়াও সড়কের বিভিন্ন অংশে ফাটল ধরে কমবেশি ভেঙে পড়েছে। সড়কের ধারণক্ষমতা অনেকটাই নষ্ট হয়ে গেছে। যার কারণে ভারী যানবাহন চলাচল এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই অঞ্চলের মধ্যে নলদী, মিঠাপুর, ব্রাহ্মণডাঙ্গাসহ পাশেপাশের কয়েকটি হাটে পর্যাপ্ত পরিমাণ পাটসহ কৃষি পণ্য বেচাকেনা হয়। এসব হাটের পণ্য ট্রাকযোগে এই সড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত চলাচলের উপযোগী করার দাবি জানাচ্ছি।
সড়ক ও জনপথ অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, লোহাগড়া-নহাটাকা-কালিশংকরপুর সড়কের নড়াইল জেলার মধ্যে রয়েছে ২৫ কিলোমিটার। বাকি অংশ মাগুরা জেলার মধ্যে। এই সড়কটি বৃষ্টিতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা সড়কের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। প্রকল্প তৈরি করে স্থায়ীভাবে সড়কটি প্রতিরোধের জন্য কাজ চলছে।











































