স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের মুলতানের উইকেটে রান প্রসব হচ্ছে ব্যাপকভাবে। প্রথম ইনিংসে আবদুল্লাহ শফিক, শান মাসুদ ও সালমান আলী আগার সেঞ্চুরিতে ৫৫৬ রানের পাহাড়সম স্কোর গড়েছে পাকিস্তান। এই ইনিংসে ওভারপ্রতি রান এসেছে ৩.৭৩ হারে। নিজেদের প্রথম ইনিংসে জবাব দিতে নেমে মাত্র ২০ ওভারেই ১ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে এখনো স্বাগতিকদের চেয়ে ৪৬০ রানে পিছিয়ে ইংলিশরা।
প্রথম দিনের ৪ উইকেটে ৩২৮ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নামে পাকিস্তান। আগের দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও ওপেনার আবদুল্লাহ শফিক। আজ সকালের শুরুটা নাইটওয়াচম্যান নাসিম শাহকে নিয়ে দারুণভাবে শুরু করেন সৌদ শাকিল। ৩৮৮ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। কোনো রান না করেই জ্যাক লিচের বলে ষষ্ঠ ব্যাটার হিসেবে ফেরেন মোহাম্মদ রিজওয়ান।
সপ্তম উইকেটে সালমানকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন সৌদ শাকিল। ৪৫০ রানের মাথায় ব্যক্তিগত ৮২ রান করে শোয়েব বশিরের বলে ফেরেন তিনি। দলের সঙ্গে আর ১৪ রান যোগ হতে বিদায় নেন আমের জামালও। তবে ইংল্যান্ডের ওপর বোঝা বাড়িয়ে নবম উইকেটে শাহিন আফ্রিদিকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন সালমান। যেখানে শাহিনের অবদান মাত্র ২৬ রান। আগ্রাসী ভঙ্গিতে শেষের দিকে ব্যাট করতে থাকেন সালমান। মাত্র ১০৮ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। এর ফলে পূর্ণ হয় টেস্টে তার হাজার রানও। মাত্র ১৫ টেস্টে এই মাইলফলক অর্জন করেন তিনি।
শেষ পর্যন্ত ৫৫৬ রানে থামে পাকিস্তান। ১০৪ রানে অপরাজিত থাকেন সালমান। শাহিন করেন ৪৯ বলে ২৬ রান। আর দশ ব্যাটার হিসেবে আউট হওয়া আবরার ৮ বলে করেন ৩ রান। ৩টি উইকেট নিয়েছেন ইংলিশ স্পিনার জ্যাক লিচ। দুইটি করে উইকেট দুই পেসার গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। বাকি ৩টি উইকেট ভাগ করে নিয়েছেন ক্রিস ওকস, শোয়েব বশির ও জো রুট।
রান পাহাড়ের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই ইংলিশ অধিনায়ক ওলি পোপকে ফেরান নাসিম শাহ। তবে তাতে রানের গতি কমায়নি ইংলিশরা। মাত্র ২০ ওভারেই ওই ১ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে দিন শেষ করে ইংল্যান্ড। ৬৪ বলে ৬৪ রান করে অপরাজিত আছেন জ্যাক ক্রলি। আরেক পাশে ৫৪ বলে ৩২ রানে অপরাজিত জো রুট।











































