স্পোর্টস ডেস্ক
দলের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিলেন ইংল্যান্ডের পেসার ওলি স্টোন। যদিও স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টের একাদশে সুযোগ মেলেনি তার। এরই মধ্যে দেশে ফিরছেন তিনি। বিয়ে করার জন্য আজই ইংল্যান্ডের বিমান ধরার কথা তার। মুলতানে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।
স্টোন বিবাহের আনুষ্ঠানিকতা শেষে আবার কবে পাকিস্তান ফিরবেন সেটি এখনো জানা যায়নি। তবে পাকিস্তানে ইংল্যান্ডের পেসারদের অবস্থার ওপর নির্ভর করবে স্টোনের ফেরা। আগামী শনিবার বিয়ে স্টোনের। যদিও দ্বিতীয় টেস্টটি শুরু হবে মঙ্গলবার।
ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট স্টোনের ইংল্যান্ড যাত্রার অনুমোদন দিয়েছে। কারণ তিনি ইংল্যান্ডের সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে নেই এবং তার বিয়ের তারিখ অনেক আগেই ঠিক করা ছিল। নিজের পরিকল্পনা ইংল্যান্ডের নির্বাহী পরিচালক রব কি এবং ব্রেন্ডন ম্যাককালামকে সফরের শুরুতেই জানিয়েছেন। এই দুজন তার পরিকল্পনায় রাজি হয়েছেন।
সম্প্রতি বিবিসিকে স্টোন বলেন, ‘আমরা যখন বিয়ের সবকিছু ঠিক করি তখন আমি শুধু নটসের (নটিংহ্যামশায়ার, কাউন্টি ক্লাব) হয়েই খেলি। জেস (স্টোনের হবু স্ত্রী) বিবাহের সময় নিয়ে খুশি ছিল এবং আমি সময়মতো সেটি করার যথাসম্ভব চেষ্টা করেছি।’
এর আগে ১৯৮৪ সালে টেস্ট খেলার জন্য বিয়ে স্থগিত রেখেছিলেন ইংল্যান্ডেরই পেসার টনি পিগোট। সাম্প্রতিক সময়েও ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে কিছু ক্রিকেটার বিয়ের সময়ে পরিবর্তন এনেছেন। গত শনিবার ইংলিশ ক্রিকেটার জো রুট জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী ক্যারি বিভিন্ন সফরের জন্য তিনবার বিয়ের তারিখ পরিবর্তন করেছেন।
স্টোনের জন্যও শুভকামনা জানিয়েছেন রুট, ‘এটা প্রত্যেকের জীবনেই বিশেষ সময়। আমি তার জন্য দারুণ খুশি।… কোনো একটা সময়ে তার হাতে আমরা ঠান্ডা পানি তুলে দেব, উদযাপন করব।’











































