Home খেলাধুলা টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন মাহমুদউল্লাহ

41


স্পোর্টস ডেস্ক

আগেই জানা গিয়েছিল, টেস্টের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানিয়ে দিলেন, ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের পর আর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট খেলবেন না তিনি।

আগামীকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আর তৃতীয় টি-টোয়েন্টি খেলবে ১২ অক্টোবর। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সেদিনই শেষ হচ্ছে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে সাবেক এই অধিনায়কের পথচলা। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। দেশের হয়ে ওয়ানডে খেলে যাবেন এই অলরাউন্ডার।

২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বেশ নাটকীয়ভাবেই হয়েছিল সেটা। বিদায়ী ইনিংসে ১৫০* রানের ধ্রুপদী ইনিংস খেলেছিলেন তিনি। এবার আর কোনো নাটক নয়, সরাসরিই বিদায় বলে দিলেন। তার টি-টোয়েন্টির বিদায়ী ইনিংস দেখার জন্য মুখিয়ে থাকবেন ভক্তরা।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ৩৯ ছুঁই ছুঁই এই অলরাউন্ডারের। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।

২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। তার অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে ২০২১ সালের আমিরাত বিশ্বকাপে। অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে। অধিনায়ক মাহমুদউল্লাহর জয় সংখ্যা সাকিবের সমান হলেও সাকিব ১৬টি জয় পেয়েছেন তার চেয়ে কম (৩৯টি) ম্যাচে নেতৃত্ব দিয়ে।