Home আঞ্চলিক মোংলা উপজেলার ছোট কর্মচারী মহারাজের বড় দায়িত্ব!

মোংলা উপজেলার ছোট কর্মচারী মহারাজের বড় দায়িত্ব!

104


মোংলা প্রতিনিধি
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মহারাজের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ছোট পদে চাকরি করলেও অনেক বড় দায়িত্ব পালন করেন তিনি। উপজেলা পরিষদের কৃষি, জনস্বাস্থ্য, পিআইও, আইসিটি ও সমাজসেবা অধিদপ্তরসহ সকল বিভাগের কর্মকর্তা থাকেন পিওন মহারাজের নজরদারীতে। সকল দপ্তরে নানা তদ্বির করেন তিনি। অর্থের বিনিময় এ সকল দপ্তর থেকে কাকে কি সুবিধা পাইয়ে দিতে হবে তা তিনি ভালই জানেন। দাপ্তরিক কর্মকর্তা ও কর্মচারীরা তার তদবিরে রাজী না হলেও তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কানভারিসহ আটেন ষড়যন্ত্রের জাল। শুধু সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নয়, পিওন মহারাজের দাপটে নাজেহাল হচ্ছেন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ইজারায়ও রয়েছে তার কারিশমা। কম টাকায় ইজারা টেন্ডার পাইয়ে দেয়ার তদবিরে বেশ পারদর্শী তিনি। জনস্বাস্থ্যের ট্যাংকও ৫থেকে ১০টাকায় টাকার বিনিময় বিক্রি ও সমাজসেবা অধিদপ্তরের নানা সুবিধাদি’র বাণিজ্য রয়েছে তার। মাত্র ১১মাস আগে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পিওন পদে বদলী হয়ে আসেন তিনি। এখানে আসার পর সুচতুর মহারাজকে আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না। তার বাড়ি পাশের উপজেলা বাগেরহাটের রামপালের মল্লিকেরবেড় গ্রামে। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বদৌলাতে চাকুরি পেলেও আওয়ামী লীগ সরকার পতনের পর তার ভোল পাল্টে গেছে। তালুকদার আব্দুল খালেকের সঙ্গে তার গ্রাম্য ও পারিবারিক বিরোধ এবং শত্রু থাকার কথা চাউড় করছেন। অথচ সেই তালুকদার আব্দুল খালেকের পত্নী সাবেক স্থানীয় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুন নাহারের সুপারিশে মোংলা উপজেলায় বদলী হয়েছিলেন তিনি। আর সেই দাম্বিকতায় উপজেলা পরিষদের সকল দপ্তর পিওন মাহরাজের কব্জায় চলে আসে। এখানের কর্মস্থলে যোগদানের পর সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাও পিওন মহারাজকে বেশ গুরুত্ব দিতেন। সুচতুর এ পিওন যা বলতেন তা বিদ্যুৎ গতিতে করতেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। দাপ্তরিক কাজের বাইরেও তিনি সকল দপ্তরের ফাইলপত্র, আয়-ব্যায় থেকে শুরু করে সকল কার্যক্রম নজরদারী ও খবরদারি করেন। করতেন অনৈতিক তদ্বির বাণিজ্য। আর পান থেকে চুন খসলে তার ফোন চলে যেতে তৎকালীন এমপি’র কাছে। তাই উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এ পিওনের ভয়ে-আতংকে থাকতেন। সাবেক এমপি’র বিরাগভাজন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপর করতেন কড়া নজরদারী। এমনকি উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার সকল জন্ম নিবন্ধন কার্যক্রম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়ন্ত্রনে থাকলেও তাও দেখতেন পিওন মহারাজ। জনপ্রতিনিধিদের ডেকে প্রতিটি জন্ম নিবন্ধন বাবদ তাকে ১শ’ টাকা করে ফি নির্ধারণ করে দিয়ে ছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ নিয়ে ইউপি চেয়ারম্যানরা আপত্তি তুললেও কাজ হয়নি। এ জন্ম নিবন্ধন বাণিজ্যে পিওন মহারাজের মাসিক আয় গিয়ে দাড়ায় প্রায় ৫লাখ টাকার কাছাকাছি। এছাড়া ২০থেকে ৩০ হাজার টাকার বিনিময় আবাসনের ঘর পাইয়ে দেন তিনি। উপজেলা পরিষদের এমন কোন দপ্তর নেই যেখানে অফিস চালাকালীন পদচারনা ও তদবির নেই। রক্ষা পায়নি ইউনিয়ন পরিষদের দপ্তরও। কখনও সাবেক সংসদ সদস্য আবার কখনও উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে করতেন সব কিছু। আ’লীগ সরকারের পতন হলেও দায়িত্বে থাকা তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার টাকার মেশিন হয়ে ওঠে মহারাজ। ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অধিনস্থ সরকারি সকল কিছুই দু’হাতে লুটেছেন তিনি। গেলো সেপ্টেম্বরে অন্যত্র বদলী হন ইউনও নিশাত তামান্না। তার বদলীর আদেশ হওয়া মাত্র চলে যাওয়ার আগের দিন পিওন মহারাজের শেষ থাবা পড়ে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরে। জনস্বাস্থ্য কর্মকর্তা কর্মস্থলে না থাকার সুযোগে এবং জনপ্রতিনিধিদের না জানিয়ে বিদায়ী ইউনওকে দিয়ে তার পছন্দের তালিকায় শতাধিক পানির ট্যাংক বিতরণ করেন। বিনিময় তিনি ট্যাংক প্রতি ৫থেকে ১০হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
সুন্দরবন ইউপি চেয়ারম্যান একরাম ইজাদার জানান, গত ২৬ মে আঘাত হানা ঘুর্নিঝড় রিমালের আগ মুহুর্তে জনপ্রতিনিধিদের সঙ্গে তৎকালীন ইউএনও জরুরী সভা করে তাৎক্ষনিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত ও আশ্রয় কেন্দ্রে আগতদের খেচুরিসহ খাদ্য সহায়তার জন্য পরামর্শ প্রদাণ করেন। জনপ্রতিনিধিদের খরচের জরুরী সেই ত্রাণ তৎপরতার প্রায় ৫লাখ টাকা মহারাজের বিল-বাউচারে উত্তোলন করে বিদায় মুহুর্ত পাড়ি দেন সবেক ওই ইউএনও নিশাত তামান্না। এছাড়া
ঘুর্নিঝড় পরবর্তী বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকরের ইউনিয়নের ত্রাণ কার্যক্রমের দু’টন ত্রাণের চাউল ও মিঠাখালী ইউনিয়ন পরিষদে একটি এনজিও’র দেয়া ১৫কাটূন বিস্কুট তৎকালীন ইউনও তলব করেন। ত্রানের ওই চাল পিওন মহারাজের নিয়ন্ত্রণে বিতরন করা হলেও ত্রাণের বিস্কুট হাত বদল হয়ে কোথায় পৌছায় তা কেউ জানেন না।
মোংলা উপজেলার বিভিন্ন হাট-বাজার হাফিজ-মহারাজ সিন্ডিকেটের মাধ্যমে বিগত (দিনে) অর্থ বছরে টেন্ডার ও ইজারা হতো। মহারাজ সিন্ডিকেট বিগত দিনে ১৮থেকে ২০হাজার টাকায় সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজার টেন্ডার ভাগিয়ে নেয়। সেই হাট সম্প্রতি ৫লাখ ৬০হাজার টাকায় ইজারায় ওঠে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় এমন আরও ৭টি হাট-বাজার রয়েছে। সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারের ডাক ও ইজারা মূল্য বৃদ্ধি পাওয়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে বেজয় চটেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের পিওন মহারাজ।
উপজেলার চিলা ইউপি চেয়ারম্যান আকবর গাজী ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাসিক সম্মানির ভাতাসহ বিভিন্ন প্রকল্প থেকেও পিওন মহারাজকে কমিশন দিতে হয়। দাপুটে এ পিওনকে সমিহ করে চলতে হয় জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের।
আ’লীগ সরকারের পতন হলেও পিওন মহারাজের দাপট কমেনি। এখনও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে তাকে সমিহ করতে হয়। নিজেকে রাজতৈকি অনুকুলের মতাদর্শের জাহির করে এখন নানা প্রভাব বিস্তার করছেন। এনঅবস্থায় মহারাজ আতংকে আছেন কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা। বর্তমানে মহারাজ ও তার দোসর হাফিজ চক্র নিয়ন্ত্রন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর। তবে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেন এ পিওন মহারাজ। তিনি নিজেকে সৎ ও স্বচ্ছ দাবি করে বলেন, যা কিছু অধিনস্থ কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছি। এ পিওন’র দৌরাত্ব প্রসঙ্গে মোংলা উপজেলা (বর্তমান দায়িত্বে থাকা) নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন জানান, মৌখিকভাবে অনেক কিছু শুনেছেন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।