Home আন্তর্জাতিক পরিবারের সদস্যদের সঙ্গে ইমরানের সাক্ষাতে নিষেধাজ্ঞা

পরিবারের সদস্যদের সঙ্গে ইমরানের সাক্ষাতে নিষেধাজ্ঞা

32


অনলাইন ডেস্ক।।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে বিভিন্ন অভিযোগে কারাবন্দি নেতা ইমরান খানের সঙ্গে তাঁর স্ত্রী বুশরা বিবি, পরিবারের সদস্য এবং আইনজীবীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পাঞ্জাব রাজ্য সরকার। আগামী ১০ দিন পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা।

সোমবার পাঞ্জাব রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে কারাবন্দি ইমরান খানের সঙ্গে ৮ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত তাঁর স্ত্রী বুশরা বিবি, পরিবারের লোকজন এবং আইনজীবীরা দেখা করতে পারবেন না। সার্বিক নিরাপত্তার স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এই আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করবেন দলটির আইনজীবীরা।

এই মুহূর্তে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। গত আগস্ট মাস থেকে ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন করছে দলটি।

এদিকে আগামী ১৫ এবং ১৬ অক্টোবর বিশ্বের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ জোট ও আন্তঃসরকার সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসসিওর এবারের সম্মেলনের আয়োজক দেশ পাকিস্তান। খবর- এনডিটিভি।