স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা দলে ফের দুঃসংবাদ। এবার পাওলো দিবালাও ছিটকে গেছেন। যেখানে বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচের দল থেকে এই ফরোয়ার্ডকে ছেড়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে নিকোলাস গনসালেসও ছিটকে গেছেন।
ভেনেজুয়েলার মাঠে আগামী ১০ অক্টোবর খেলবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।
গত বুধবার ম্যাচ দুটির জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। যেখানে গনসালেস ও দিবালা দুইজনই স্কোয়াডে ছিলেন।
শনিবার চোটের জন্য ফরোয়ার্ড গনসালেসের ছিটকে পড়ার খবর আসে। ওইদিনই চমক জাগিয়ে দিবালাকে দল থেকে বাদ দেওয়ার কথা জানায় আর্জেন্টিনা।
যদিও দিবালাকে নিয়ে এমন সিদ্ধান্তের কারণ অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি আর্জেন্টিনা। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর, রোমার হয়ে অনুশীলনের সময় শনিবার পেশিতে চোট পেয়েছেন এই উইঙ্গার।
অবশ্য এই দুইজনের বদলি হিসেবে এখনও কাউকে ডাকেনি আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, কেবল একজনকেই দলে নিতে পারে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা।
এদিকে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা ছয়ে, ৯ পয়েন্ট নিয়ে বলিভিয়া আটে আছে।











































