Home খেলাধুলা ব্রাজিল শিবিরে ফের দুঃসংবাদ

ব্রাজিল শিবিরে ফের দুঃসংবাদ

26


স্পোর্টস ডেস্ক

ব্রাজিল স্কোয়াডে দুঃসংবাদ বেড়েই চলেছে। এবার সেলেসাওদের বিশ্বকাপ বাছাইয়ে আসছে দুই ম্যাচের দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার এদের মিলিতাও। এর আগে মূল গোলরক্ষক আলিসন ও তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ইনজুরির কারণে বাদ পড়েন।


আজ সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁ পায়ের ঊরুর পেশির চোটে ভুগছেন মিলিতাও। তাই চিলি ও পেরুর বিপক্ষে পরের দুই ম্যাচের স্কোয়াড থেকে রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে।

পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল আগামী বৃহস্পতিবার চিলির বিপক্ষে খেলবে। এর পাঁচ দিন পর পেরুর মুখোমুখি হবে তারা।

লা লিগায় গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ২-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন মিলিতাও। ম্যাচটি খেলে সাও পাওলোতে পাড়ি দেন তিনি। সেখানেই তার চোট ধরার পড়ার কথা জানায় সিবিএফ।

এদিকে মিলিতাওয়ের শূন্যস্থান পূরণে, ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনোকে দলে নেওয়ার বিষয়টি বিবৃতিতে জানানো হয়েছে।

লাতিন অঞ্চলে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচের মধ্যে জিতেছে কেবল তিনটিতে। চার হার ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকায় আছে পাঁচে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া।

পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলের সামনে সুযোগ থাকবে প্লে অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার।