স্পোর্টস ডেস্ক
ভারতের বিপক্ষে লাল বলের পর সাদা বলেও বাজে ব্যাটিংয়ের অনাকাঙ্ক্ষিত ধারাবাহিকতা বজায় রাখল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ৩ ম্যাচের সিরিজের প্রথমটিতে আজ ১২৭ রানেই গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আজ টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম ওভারেই লিটন কুমার দাসকে হারায় বাংলাদেশ। আরশদীপ সিংয়ের বলে মেরে খেলতে গিয়ে ত্রিশ গজের মধ্যেই বল উঠিয়ে দেন লিটন। ক্যাচ ধরতে কোনো ভুল করেননি রিংকু সিং। দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও আরশদীপের আঘাত। এবার পারভেজ হোসাইন ইমনকে সরাসরি বোল্ড করেন তিনি।
পাওয়ার প্লেতে আর কোনো বিপদ ঘটতে দেননি নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তবে ষষ্ঠ ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারেই মেডেন আদায় করে নেন মায়াঙ্ক যাদব। সপ্তম ওভারেই ফেরেন হৃদয়। বরুন চক্রবর্তীর বলে তেড়েফুড়ে খেলতে গিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দেন তিনি। ১৮ বলে মাত্র ১২ রান আসে এই ডানহাতির ব্যাটে। পাঁচে নামা মাহমুদউল্লাহ রিয়াদ টিকেছেন মাত্র ২ বল। মায়াঙ্কের বলে ওয়াশিংটন সুন্দরকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। একাদশে ফেরা জাকের আলিও ৮ রানের বেশি করতে পারেননি। বরুনের বলে সরাসরি বোল্ড হয়েছেন তিনি। ৫৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে এক শ’র নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ।
ষষ্ঠ উইকেটে ১৮ রান যোগ করেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ৭৫ রানে ফেরেন বাংলাদেশ অধিনায়কও। ২৫ বলে ২৭ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে ফেরেন তিনি। উইকেটে নেমে চার-ছক্কায় শুরু করে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন রিশাদ হোসেন। তবে ৫ বলে ১১ রান করে বরুন ধাওয়ানের শিকার হন তিনি। এক শ’র আগেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। অষ্টম উইকেটে ২৩ রান যোগ করেন মিরাজ ও তাসকিন আহমেদ। দলীয় ১১৬ রানে তাসকিনের (১৩ বলে ১২) পতনের এক রান পরেই ফেরেন শরিফুল ইসলাম। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে ৩২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন মিরাজ। ইনিংসের ১ বল বাকি থাকতে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল পেসার আরশদীপ সিং। ৩ ওভার ৫ বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেওয়া বরুন ৪ ওভারে দেন ৩১ রান। একটি করে উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক যাদব ও ওয়াশিংটন সুন্দর।










































