Home খেলাধুলা ভারতে মসজিদে না গিয়ে হোটেলে কেন জুম্মার নামাজ পড়লেন শান্তরা

ভারতে মসজিদে না গিয়ে হোটেলে কেন জুম্মার নামাজ পড়লেন শান্তরা

26


স্পোর্টস ডেস্ক

সাধারণত বিদেশ সফরে গেলে জুম্মার নামাজটা হোটেলের আশেপাশের কোনো মসজিদে আদায় করেন বাংলাদেশের ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে ভারতের গোয়ালিয়রে আছেন টাইগাররা। তবে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবর অনুযায়ী, গোয়ালিয়র মসজিদে না গিয়ে হোটেলে জুম্মার নামাজ পড়েছেন বাংলাদশের ক্রিকেটাররা।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল যেই হোটেলে অবস্থান করছেন, সেখান থেকে ৩ কিলোমিটার দূরে গোয়ালিয়র শহরের ফুলবাগ এলাকার মতি মসজিদ। আজ শনিবার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, বাংলাদেশের ক্রিকেটাররা হোটেলেই নামাজ আদায় করেছেন। যদিও হোটেল থেকে ২৩ কিলোমিটার সফর করে অনুশীলন করেন বাংলাদেশের ক্রিকেটাররা।

গোয়ালিয়র জোনের অরবিন্দ সাক্সেনা নামের ওই পুলিশ কর্মকর্তা পিটিআইকে ফোনে বলেন, ‘আমরা মতি মসজিদের চারপাশে নিরাপত্তা অনেক বাড়িয়েছিলাম। কিন্তু বাংলাদেশ দল এখানে আসেনি। কোনো (ডানপন্থী হিন্দু) সংগঠনই তাদের এখানে আসা নিয়ে বাধা দেওয়ার আহ্বান জানায়নি।’

বাংলাদেশ দল কেন মসজিদে যায়নি সেটি এখনো নিশ্চিত করে বলা যায়নি। তবে, সিরিজের ঘটনাপ্রবাহের দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হওয়ার কথা। বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর হিন্দুদের ওপর হামলা হয়েছে, এমন অভিযোগ এনে ভারত-বাংলাদেশ সিরিজ বাতিলের দাবি জানিয়ে আসছিল ভারতের কয়েকটি ডানপন্থী হিন্দু সংগঠন। এই বিক্ষোভের কারণেই হয়তো নামাজ পড়তে হোটেলের বাইরে যাননি নাজমুল হোসেন শান্তরা।

আগামীকাল রবিবার গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচ উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে ২৫০০ পুলিশ মোতায়েনের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।