Home খেলাধুলা মৌসুম শেষের শঙ্কায় রদ্রি

মৌসুম শেষের শঙ্কায় রদ্রি

20


স্পোর্টস ডেস্ক

ইনজুরিতে পড়েছেন ম্যানচেস্টার সিটি ও স্পেন মিডফিল্ডার রদ্রি। তিনি এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) চোটে পড়ায় মৌসুমের বাকি সময়ে তাকে মাঠে নাও দেখা যেতে পারে। গতকাল স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমের বাকি সময়ের জন্য তার মাঠের বাইরে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে সিটির ২-২ গোলে ড্র ম্যাচে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন রদ্রি। ২১ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়ার আগে ডান হাঁটু ধরে শুয়ে পড়েছিলেন এই মিডফিল্ডার। ইএসপিএন ও মার্কা জানিয়েছে, গতকাল পরীক্ষা-নিরীক্ষার পর তার এসিএল চোট ধরা পড়েছে।

এদিকে রদ্রির মাঠের বাইরে ছিটকে পড়ার খবর সিটির টানা পঞ্চম লিগ জয় ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে বড় ধাক্কা হয়েই এল। আতলেতিকো মাদ্রিদের সাবেক এই খেলোয়াড় ক্লাব ও দেশের হয়ে তার সর্বশেষ ৮৪ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছেন।

রদ্রির নাম এবার ব্যালন ডি’অর পুরস্কারেও জোরেশোরে উচ্চারিত হচ্ছিল। গত মৌসুমে সিটির লিগ জয় এবং গত জুলাইয়ে স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) জয়ে দারুণ ভূমিকা ছিল রদ্রির।