স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজিকে তাদের মাঠে প্রায় রুখেই দিয়েছিল জিরোনা। তবে শেষ মুহূর্তে আত্মঘাতী গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে আসরটিতে প্রথমবারের মতো খেলতে আসা স্প্যানিশ ক্লাবটি।
পার্ক দ্য প্রিন্সেসে ৯০তম মিনিটে গোলকিপার পাওলো গাযানিগার ভুলে গোল হজম করেছে জিরোনা। তাতে সৌভাগ্যের গোলে ১-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস লিগ শুরু হলো পিএসজির।
নুনো মেন্ডেসের সুবাদে পিএসজির জয়সূচক গোলটি আসে। পর্তুগিজ এই ফুল ব্যাক ৯০ মিনিটের সময় জিরোনা রক্ষণে ঢুকে বক্সের এক পাশে বাইলাইন থেকে বল গোলমুখে পাঠান। গাযানিগা নিচু হয়ে বলে হাতও লাগান। কিন্তু অবিশ্বাস্যভাবে বল তাঁর দুই পায়ের মাঝ দিয়ে জালে চলে যায়। পিএসজি পেয়ে যায় ৩ পয়েন্টের জয়।
এদিকে পিএসজির জয়ের রাতে ৩ পয়েন্ট করে তুলেছে বরুসিয়া ডর্টমুন্ড, সেল্টিক এবং স্পার্তা প্রাগও। সর্বশেষ আসরের ফাইনাল খেলা ডর্টমুন্ড ৩-০ গোলে হারিয়েছে ক্লাব ব্রগাকে। সেল্টিক নিজেদের মাঠে ব্রাতিসলাভাকে হারায় ৫-১ গোলে। আর সালজবুর্গের বিপক্ষে স্পার্তার জয় ৩-০ ব্যবধানে।











































