Home খেলাধুলা হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ল মেসির মায়ামি

হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ল মেসির মায়ামি

24


স্পোর্টস ডেস্ক

ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও হতাশ ড্র নিয়ে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অবশ্য প্রথম একাদশে দলের সেরা তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও জর্দি আলবা ছিলেন না। চোটের কারণে খেলতে পারেননি আরেক তারকা সের্হিও বুসকেতস। এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হবে দলকে, এজন্যই কোচের এই সতর্কতা।

যদিও তাদেরকে ছাড়াই আটলান্টার মাঠে প্রথমার্ধে এগিয়ে ছিল মায়ামি। ২৯তম মিনিট গোলটি করেন হন্ডুরাসের মিডফিল্ডার দাভিদ রুইস। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে জর্জিয়ান উইঙ্গার সাবা লবজানিদজের গোলে সমতায় ফেরে আটলান্টা।

মায়ামিকে তিন মিনিট পরই লিওনার্দো কাম্পানার গোল আবার এগিয়ে দেয়। এর পরপরই মাঠে নামে মেসি। প্রতিপক্ষ দলের হলেও তুমুল উল্লাসে তাকে স্বাগত জানান আটলান্টার মাঠের দর্শকেরা।

৮৪তম মিনিটে দলকে সমতায় ফেরান আলেক্সি মিরানচুক। ইতালিয়ান ক্লাব আতালান্দা থেকে এই মৌসুমেই আটলান্টায় আসা রুশ ফরোয়ার্ডের মেজর লিগ সকারে প্রথম গোল এটি।

৯০ মিনিট শেষে যোগ করা সময়ের সাত মিনিটেও আর গোল হরতে পারেনি কোনো দল। টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারায় মায়ামি।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মায়ামি, ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি।