Home খেলাধুলা আর্জেন্টিনা দলে দুঃসংবাদ বাড়ল

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ বাড়ল

21


স্পোর্টস ডেস্ক

সবশেষ কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। ৫৮ দিন পর আবারও মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার শক্তিশালী এই দুই দল। তবে এবার মঞ্চটা ভিন্ন। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ সময় আগামীকাল রাত আড়াইটায় লড়বে দল দুইটি।

কলম্বিয়া-আর্জেন্টিনার এই ম্যাচটি হবে কলম্বিয়ার মাটিতে। যুক্তরাষ্ট্রের মায়ামিতে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি তাই কলম্বিয়ার জন্য প্রতিশোধের মঞ্চও। তবে জয় ছাড়া অন্য কোনোকিছুই ভাবছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

যদিও কোপা আমেরিকার ফল ধরে রাখতে বেশ বেগ পেতে হবে আর্জেন্টিনাকে। কোপার ফাইনালের পর থেকেই দলের বাইরে আর্জেন্টিনার সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। তাছাড়া আন্তর্জাতিক ফুটবলকে এরই মধ্যে বিদায় জানিয়েছেন আরেক কিংবদন্তি আনহেল দি মারিয়া। স্বাভাবিকভাবেই এই দুইজনকে ছাড়া কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে সেলেসাওরা।

যদিও মেসি-দি মারিয়াকে ছাড়াই গত সপ্তাহে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গোল তিনটি আসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালার কাছ থেকে। তবে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ হলো- ওই ম্যাচেই চোট পাওয়া ম্যাক অ্যালিস্টার চোট থেকে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। দলের সঙ্গে তিনি কলম্বিয়া গেলেও মাঠে নামা অনিশ্চিত তার।

ম্যাক অ্যালিস্টার ছাড়াও চোটের সমস্যা আছে উইঙ্গার নিকোলাস গঞ্জালেসেরও। চিলির বিপক্ষে একাদশে থাকলেও কলম্বিয়ার বিপক্ষে এই দুজন খেলতে পারবেন কি না সেটি নিশ্চিত করতে পারেননি আর্জেন্টিনার কোচ স্কালোনি। তিনি বলেছেন, ‘একাদশ কেমন হবে, সেটা এখনো আমরা ঠিক করিনি। তবে নিশ্চিতভাবেই কিছু পরিবর্তন আসবে।’

গঞ্জালেস ও ম্যাক অ্যালিস্টার খেলতে না পারলে তাদের বিকল্প কারা হবেন, সেটাই এখন প্রশ্ন। আর্জেন্টিনা দলে এই দুজনের বিকল্প হিসেবে খেলতে পারেন লিয়ান্দ্রো পারেদেস ও জিওভান্নি লো সেলসো।