Home খেলাধুলা নিউজিল্যান্ড-আফগানিস্তানের ঐতিহাসিক টেস্টের প্রথম দিন ভেস্তে

নিউজিল্যান্ড-আফগানিস্তানের ঐতিহাসিক টেস্টের প্রথম দিন ভেস্তে

34


স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো টেস্ট ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও আফগানিস্তান। তবে ভারতের নয়ডা স্পোর্টস ক্লাবে ম্যাচটি আজ শুরু হওয়ার কথা থাকলেও তাতে বাধা হয়ে দাঁড়ায় ভেজা মাঠ। শেষ পর্যন্ত এই কারণে প্রথম দিনে খেলা মাঠেই গড়ায়নি। পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রথম দিনের খেলা।

নয়ডায় আজ আবহাওয়া খুব একটা মন্দ ছিল না। মাঠে ছিল রোদও। তবে বিগত কয়েকদিন বৃষ্টি থাকায় মাঠের অবস্থা ভালো ছিল না। এই মাঠের পানি নিষ্কাষণ ব্যবস্থাও খুব একটা ভালো নয়। আজ সোমবার মাঠে কোনো কভারই ছিল না। তবুও ভেজা মাঠে খেলা শুরু করা যায়নি। এমনকি হয়নি টসও। বোলারদের রান আপ অঞ্চলও বল করার উপযোগী ছিল না।

প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় বাকি চারদিনের খেলা ৯০ ওভারের পরিবর্তে ৯৮ ওভার করে হবে। স্থানীয় সময় দশটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বাকি চারদিন শুরু হবে সাড়ে নয়টায়।

আফগানিস্তান-নিউজিল্যান্ডের এই ম্যাচটি ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ’-এর অংশ নয়। তবে উপমহাদেশের কন্ডিশন বুঝতে নিউজিল্যান্ডের জন্য এটি একটি ভালো সুযোগ। কারণ, অল্প দিনের মধ্যেই শ্রীলংকা ও ভারতের বিপক্ষে দুইটি করে টেস্ট ম্যাচের সিরিজ খেলবে কিউইরা।

অন্যদিকে, চলতি বছরে এখনো পর্যন্ত দুই দেশের বিপক্ষে একটি করে টেস্ট খেলেছে আফগানিস্তান। দুটিই দুই দেশে ও ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে। ২০২১ সালের পর প্রথম টেস্ট জয়ের অপেক্ষায় আছে আফগানরা।