Home আঞ্চলিক নদী-খাল দখল করে মাছ চাষ

নদী-খাল দখল করে মাছ চাষ

63


ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ার অধিকাংশ নদী ও খালে বাঁধ দিয়ে চলছে মাছ চাষ। এতে নৌ চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনেও বাধার সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বিনষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। জলাবদ্ধতার কারণে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর। জনস্বার্থে নদী-খাল থেকে দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা, খর্নিয়া, আটলিয়া, মাগুরাঘোনা, শোভনা, শরাফপুর, সাহস, ভান্ডারপাড়া, ডুমুরিয়া সদর, রংপুর, গুটুদিয়া ও মাগুরখালী ইউনিয়নের খালে মাছ চাষ করছেন স্থানীয় প্রভাবশালীরা।
উপজেলায় ছোট-বড় ১৩৫টি খাল রয়েছে, যা সরকারি জলমহালের আওতায়। এসব খালে মাছ শিকারের জন্য প্রতিবছর জেলেরা উপজেলা ভূমি অফিস থেকে একসনা ইজারা নেয়। সরকারি জলমহাল নীতিমালা অনুযায়ী নদী-খালে স্থায়ীভাবে মাছ চাষ করা যাবে না। নৌযান চলাচল বাধাগ্রস্ত হয় এমন বাঁধ দেওয়া বা দ্বিতীয় কোনো পক্ষকে ‘সাব-লিজ’ (সহ-ইজারা) দেওয়া যাবে না। কিন্তু সরকারি নিয়মনীতি উপেক্ষা করে উপজেলার প্রায় ১৩০টি খাল ইজারা বা দখলে নিয়ে সহ-ইজারাদার নিয়োগ দিয়েছেন প্রভাবশালীরা। সহ-ইজারাদাররা খালের একাধিক স্থানে আড়াআড়ি বাঁধ দিয়ে ‘খণ্ড খণ্ড জলাশয়’ তৈরি করে মাছ চাষ করছেন।
উপজেলার কাঁঠালতলা গ্রামে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, কাঁঠালতলা মৎস্যজীবী সমবায় সমিতির নামে আটলিয়া ইউনিয়নে নীচুখালী-কালীদোহা আড়াই কিলোমিটার খাল মাত্র ১২ হাজার টাকায় ইজারা নিয়েছেন শ্যামল বিশ্বাস নামে এক ব্যক্তি। তিনি মাছ চাষের জন্য স্থানীয় যুবক এনামুল হক লাভলু, এনামুল শেখ ও সাঈদ সরদারের কাছে খালটি সহ-ইজারা দিয়েছেন। এ জন্য প্রত্যেক সহ-ইজারাদারের কাছ থেকে বছরে ৪০-৫০ হাজার টাকা নেন শ্যামল বিশ্বাসের ছেলে মহিতোষ বিশ্বাস।
বিষয়টি স্বীকার করে মহিতোষ বিশ্বাস বলেন, সরকারকে রাজস্ব দিয়ে তারা খাল ইজারা নিয়েছেন। কিছু লোক তাঁকে টাকা দিয়ে মাছ চাষ করছে। স্থানীয় নেতারা সব জানেন। এতে সাংবাদিকদের সমস্যা কী?
সরকারি খালের ইজারা গ্রহীতা আব্দুল লতিফ মোড়ল অভিযোগ করে বলেন, চলতি বছর ভূমি অফিস মাত্র ১৫টি খাল মৎস্যজীবী সমবায় সমিতিকে ইজারা দিয়েছে। এ ছাড়া ৬০টি খাল ইজারা দিয়েছে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি। এসব খালের মধ্যে তিনি ১১টি খাল ইজারা নিয়েছেন। কিন্তু খালগুলো স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকায় তিনি একটি খালেরও দখল বুঝে পাননি। এ ছাড়া উপজেলায় আরও ৬০টি খাল অবৈধ দখলে আছে। এতে সরকার মোটা অঙ্কের টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানান তিনি।
কৃষকদের ভাষ্য, উপজেলায় শত শত খাল যেন ব্যক্তিমালিকানায় পরিণত হয়েছে। প্রতিটি খালে আড়াআড়ি বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ চাষ চলছে। এতে কৃষকের উৎপাদিত পণ্য নৌপথে পরিবহন করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে কৃষকদের ফসলি জমি, মৎস্য খামার ও সবজি বাগান বিনষ্ট হচ্ছে। খালগুলো মুক্ত করা জরুরি।
আটলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রতাপ রায় বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে স্থানীয় কয়েক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা নদী-খাল দখল করে আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন।
এ বিষয়ে ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, উপজেলার নদী-খাল দখলমুক্ত করতে মাঠে কাজ চলছে। এ কাজে সেনাবাহিনী সহায়তা করছে।