স্পোর্টস ডেস্ক।।
চলমান ইউএস ওপেনে ফের অঘটন দেখা গেল। পুরুষ এককে কার্লোস আলকারাজ ও নোভাক জোকোভিচের পর এবার নারী তারকা কোকো গফ বাদ পড়েছেন। গতবারের চ্যাম্পিয়ন বিদায় নিলেন শেষ ষোলো থেকেই।
আজ সোমবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে নারীদের তৃতীয় বাছাই গফকে ১৩ নম্বর খেলোয়াড় স্বদেশী এমা নাভারো হারিয়েছেন। ২ ঘণ্টা ১২ মিনিটের ম্যাচে ৬-৩, ৪-৬ ও ৬-৩ গেমে হারেন গফ। তাকে হারানো নাভারো কোয়ার্টার ফাইনালে স্পেনের পাউলা বাদোসার বিপক্ষে খেলতে নামবেন।
নিজ দেশের কোর্টে বছরের শেষ গ্র্যান্ড স্লাম থেকে বিদায় নেওয়ার পর গফ বলেছেন, ‘আমি আমার সবটুকু দিয়ে লড়েছি। অবশ্যই যেভাবে খেলতে পছন্দ করি, আজ সেভাবে পারিনি। এর চেয়ে ভালো কিছু হতে পারত। যদি তা হতো, তাহলে গল্পটাও আলাদা হতে পারত।’











































