Home খেলাধুলা নারী সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান

নারী সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান

35


স্পোর্টস ডেস্ক।।

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেম। সবশেষ ২০২২ সালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল বাংলার বাঘিনীরা। ঘনিয়ে এসেছে আরও একটি নারী সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ১৭ অক্টোবর সেই নেপালের কাঠমান্ডুতেই শুরু হচ্ছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর।

টুর্নামেন্ট উপলক্ষে গ্রুপিং হয়েছিল আগেই। বাংলাদেশের গ্রুপ ‘এ’-র দুই দল হলো পাকিস্তান ও ভারত। এবার দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্তা সংস্থা সাফ জানাল, মুকুট ধরে রাখার মিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান।

গতবারের আসরে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো এই মঞ্চে শিরোপার স্বাদ পায় লাল-সবুজ জার্সিধারীরা। এবার সাবিনা খাতুন-ঋতুপর্ণাদের সামনে শিরোপা ধরে রাখার মিশন।

আগামী ১৭ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মিশন শুরু করবে ২০ অক্টোবর। শক্তিশালী ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ২৩ অক্টোবর।

৭ দল নিয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গে আছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। গত আসরে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। পরে ভারতকে ৩-০ গোলে উড়িয়ে হয়েছিল গ্রুপসেরা।