স্পোর্টস ডেস্ক।।
‘অভিনন্দন আনায়রারা বাবা, আমরা তোমাকে ভালোবাসি’—সেঞ্চুরির পরপর লিটন দাসকে উৎসর্গ করে ফেসবুক স্ট্যাটাসে এই ক্যাপশন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার। আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে লিটন যে তুলে নিলেন, তাতে এই উইকেটকিপার ব্যাটারকে প্রশংসার বন্যায় ভাসাবেন যেকোনো ক্রিকেটভক্ত।
২৬ রানে ৬ উইকেট হারানো দলকে লিটন দাস নিয়ে গেছেন ২৬২ রানে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে গড়েন ১৬৫ রানের মহামূল্যবান জুটি। দলীয় ১৯১ রানে সপ্তম ব্যাটার হিসেবে মিরাজ ফিরলে ভাঙে এই জুটি। মিরাজের সঙ্গে ১৬৫ রানের জুটি যখন ভাঙে তখন লিটনের ব্যক্তিগত রান ৮২। ২ রান যোগ হতে ফেরেন তাসকিন আহমেদও। শেষ পর্যন্ত হাসান মাহমুদকে সঙ্গে নিয়েই ব্যাটিং চালিয়ে যান লিটন। তুলে নেন নিজের সেঞ্চুরিও।
৪৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে লিটনের এটি চতুর্থ সেঞ্চুরি। তবে ম্যাচ পরিস্থিতি বিবেচনায় এটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চারটি সেঞ্চুরির পাশাপাশি ক্যারিয়ারে ১৭টি ফিফটিও আছে লিটনের। ২৭ মাস পর এল লিটনের সেঞ্চুরি। ২০২২ সালের মে মাসে সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটার।
সেঞ্চুরি করেই থামেননি লিটন। দলের নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ২২৮ বলে খেলেছেন ১৩৮ রানের অনবদ্য এক ইনিংস। তাতে ১৩টি চারের পাশাপাশি ছিল ৪টি ছক্কার মার। দুর্দান্ত এই ইনিংস খেলার পথে বিশ্বরেকর্ডও গড়েছেন লিটন।
পাকিস্তানের বিপক্ষে আজকের সেঞ্চুরি নিয়ে দ্বিতীয়বার সেঞ্চুরি পেলেন লিটন। এর আগে ২০২১ সালে চট্টগামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ১১৪ রান করেছিলেন এই ক্রিকেটার। প্রথম ব্যাটার হিসেবে পাকিস্তানের বিপক্ষে একাধিক টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন লিটন।
লিটনের ক্যারিয়ারের ৪ সেঞ্চুরির তিনটিই এসেছে দলের কঠিন অবস্থায় ব্যাটিংয়ে নেমে। তাতেই হয়ে গেছে একটি রেকর্ড। দলের রান পঞ্চাশের কম থাকা অবস্থায় ব্যাটিং অর্ডারে পাঁচের পরে নেমে তিনটি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটার এখন লিটন।











































