স্পোর্টস ডেস্ক।।
ভারতের দুই ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির পারষ্পরিক সম্পর্ক কেমন, সেটি নিয়ে বেশ আগ্রহ আছে ক্রিকেটভক্তদের। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কোহলির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ধোনি।
কোহলি যখন জাতীয় দলে জায়গা পান তখন ভারতের অধিনায়ক ধোনি। পরে এই কোহলির কাছেই স্থায়ীভাবে ২০১৭ সালে অধিনায়কত্ব হারান ধোনি। একসঙ্গে ২০১১ সালের বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন তারা। দুইটি টুর্নামেন্টেই ভারতের অধিনায়ক ছিলেন ধোনি। পরে কোহলির অধীনে ধোনি খেলেছেন ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৯ সালের বিশ্বকাপ।
এক সাক্ষাৎকারে ধোনি জানিয়েছেন, সতীর্থ ও সহকর্মী কোহলির সঙ্গে কতটা গভীর সম্পর্ক তার। কোহলিকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেও নির্দিধায় মেনে নিয়েছেন ধোনি। ক্রিকেটের প্রতি কোহলির অবদানও গুরুত্বসহকারে উল্লেখ করেছেন ক্যাপ্টেন কুল।
ধোনির ভাষ্য, ‘২০০৮-০৯ সাল থেকেই একসঙ্গে খেলছি আমরা। বয়সের ব্যবধান যেহেতু আছে, আমি জানি না… আমি নিজেকে তার বড় ভাই বা অন্য কিছু বলব কি না। আমরা সতীর্থ ছিলাম যারা ভারতের হয়ে দীর্ঘ সময় ধরে খেলেছি। বিশ্ব ক্রিকেটের সেরাদের একজন সে।’
ধোনি-কোহলির রসায়ন সবসময়ই ভারতের ক্রিকেটভক্তদের বিমোহিত করেছে। মাঠে ও মাঠের বাইরে এই জুটি ছিল অনন্য। ২০১৪ সালে টেস্টে ও ২০১৭ সালে ওয়ানডেতে ধোনির কাছ থেকে অধিনায়কের দায়িত্ব নেন কোহলি। অধিনায়ক থাকার সময়েও ধোনির কাছ থেকে সবসময়ই পরামর্শ চাইতেন কোহলি। বিশেষ করে ডিআরএস কল নেওয়ার জন্য করতেই হতো, কারণ এসব সিদ্ধান্ত নেওয়ায় ধোনি ছিলেন সিদ্ধহস্ত।
ধোনিকে সবসময় শ্রদ্ধার চোখেই দেখে আসছেন কোহলি। ক্যারিয়ারের শুরুতে সুযোগগুলো পাওয়ার পেছনে ধোনির কৃতিত্ব দিয়েছেন এবং ক্যারিয়ারের উন্নতিতে স্বীকার করেছেন তার অবদান। ২০২২ সালে কোহলি জানিয়েছিলেন, টেস্ট অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার পর ক্রিকেটারদের মধ্যে একমাত্র ধোনিই ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করেছেন। দুজনের সম্পর্ক কেমন, সেই ইঙ্গিতই দেয় এই ঘটনা।











































