Home আঞ্চলিক খানাখন্দে ভরা সড়কে জমে পানি, ভোগান্তি মানুষের

খানাখন্দে ভরা সড়কে জমে পানি, ভোগান্তি মানুষের

86


ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার কৈয়া-রায়েরমহল সড়কের মোস্তর মোড় বাজারের প্রবেশদ্বারের কাছেই বাড়ি প্রমিলা বিশ্বাসের। সড়কের পানি উপচে তাঁর বাড়িতেও ঢুকে পড়ছে। তিনি বলেন, ‘বিষয়টি ইউপি চেয়ারম্যানকে একাধিকবার জানিয়েছি। তিনি রাস্তার পাশে নালা নির্মাণের আশ্বাস দিয়েছেন।’
আর পঞ্চু গ্রামের সবজি ব্যবসায়ী মনিমহন মণ্ডলের ভাষ্য, ভ্যানবোঝাই সবজিসহ কয়েক দফা দুর্ঘটনার শিকার হয়েছেন। সড়ক দিয়ে আসা-যাওয়া মুশকিল হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।


সড়কটি দেখে বোঝার উপায় নেই, এখান দিয়েই প্রবেশ করতে হয় খুলনা শহর ও ডুমুরিয়া উপজেলা সদরে। সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। দীর্ঘদিনের সংস্কারহীনতায় সড়কটি এমন বেহাল বলে অভিযোগ স্থানীয়দের। উপজেলার কৈয়া-রায়ের মহল সাড়ে চার কিলোমিটার সড়কজুড়ে গর্ত হয়ে অনেক স্থানে রীতিমতো ডোবায় পরিণত হয়েছে। স্বাভাবিক অবস্থায়ও যানবাহন চলাচলে বেগ পেতে হয়। বৃষ্টি হলে গর্তে জমে থাকা পানির কারণে ঘটে দুর্ঘটনা।


ডুমুরিয়া থেকে খুলনা শহর হয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে সড়কটি। এর কাছেই ডুমুরিয়া উপজেলা শহর। খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও এ সড়কের পাশে। এ ছাড়া আশপাশের কয়েকটি উপজেলার উৎপাদিত মৎস্য ও কৃষিপণ্য এ সড়ক দিয়ে বহন করতে হয়। সরেজমিন সোমবার বিকেলে সড়কটিতে গিয়ে পানি জমে থাকতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কের দু’পাশ ঘেঁষে অর্ধশতাধিক স্থানে জমির প্লট বিক্রির ব্যবসা রয়েছে। জমি ভরাট করতে রাতদিন বালু ভর্তি ডাম্প ট্রাক চালানো হয়। ফলে সড়কটি এমন বেহাল হয়েছে। এখানে কোনো নালা নেই। একবেলা বৃষ্টি হলেই কয়েক সপ্তাহ পানি জমে থাকে। এতে পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের পিচ ও পাথর উঠে গেছে।


স্থানীয় গুটুদিয়া ইউপি চেয়ারম্যান তুহিতুল ইসলাম তুহিন বলেন, এ বিষয়ে ইউএনওকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু ফসলি জমিতে বালু ভরাট বন্ধ হচ্ছে না। বালু বোঝাই ভারী ট্রাক সড়কটির সর্বনাশ করছে।
বিষয়টি এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানিয়ে উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কার করা হবে। ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি নষ্ট হয়েছে।
ডুমুরিয়ায় কয়েক মাস আগে যোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন। তিনি বলেন, ইতোমধ্যে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছেন। সড়কে বালু বোঝাই ট্রাক চলাচল বন্ধ এবং অবৈধ প্লট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।