Home খেলাধুলা শততম ম্যাচে হলান্ডের গোল, চেলসিকে হারিয়ে সিটির দারুণ শুরু

শততম ম্যাচে হলান্ডের গোল, চেলসিকে হারিয়ে সিটির দারুণ শুরু

16


স্পোর্টস ডেস্ক

লিগ শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা দারুণ হলো ম্যানচেস্টার সিটির। জায়ান্ট চেলসিকে ২-০ গোলে হারিয়ে দিল পেপ গার্দিওলার শিষ্যরা। যেখানে নিজের শততম ম্যাচে গোল করার অনন্য নজির গড়লেন আর্লিং হলান্ড। অন্য গোলটি পেয়েছেন মাতেও কোভাচিচ।

রবিবার চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যাচ খেলতে যায় সিটি। যেখানে হলান্ডের নৈপুণ্যে অষ্টাদশ মিনিটে এগিয়ে যায় সিটি। বাঁ দিক থেকে জেরেমি দোকু বক্সে পাস দেন, বের্নার্দো সিলভা ছোট্ট টোকায় বল বাড়ান হলান্ডকে। এরপর, বল ধরে ঠাণ্ডা মাথায় দুইজনের মধ্যে দিয়ে এগিয়ে কোনাকুনি শটে গোলটি করেন নরওয়ের তারকা স্ট্রাইকার। ১০০তম ম্যাচে তার গোল হলো ৯১টি, আরও ১৫টি গোলে আছে তার অবদান।

বিরতির পর একক নৈপুণ্যে ৮৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে ফেলেন কোভাচিচ। সাইডলাইন থেকে সতীর্থের পাস ধরে, অনেকটা এগিয়ে প্রায় ২২ গজ দূর থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার।