Home খেলাধুলা আন্তর্জাতিক ফুটবলে আর খেলবেন না সোমার

আন্তর্জাতিক ফুটবলে আর খেলবেন না সোমার

23


স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিন ধরে সুইজারল্যান্ডের এক নম্বর গোলরক্ষক থাকলেও কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনায় আসেন ইয়ান সোমার। এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও আলো ছড়ান এই গোলরক্ষক। তবে আর জাতীয় দলে খেলতে দেখা যাবে না। সোমারকে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।

আজ সোমবার সোমারের অবসরের তথ্য জানায় সুইজারল্যান্ড ফুটবল ফেডারেশন। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে খেলেন এই তারকা। মূলত, ক্লাব ফুটবলে মনোযোগ দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা।

গত মাসে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হারে সুইজারল্যান্ড। সেই ম্যাচে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে হারে সোমারের দল। ফলে সেই কোয়ার্টার ফাইনালই হয়ে রইল এই গোলরক্ষকের শেষ ম্যাচ।

জাতীয় দলে ২০১২ সালে অভিষেক হয়েছিল সোমারের। সুইজারল্যান্ডের হয়ে সমান তিনটি করে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছেন নির্ভরযোগ্য এই গোলরক্ষক। সবমিলিয়ে সুইসদের হয়ে ৯৪ বার গোলবারের নিচে দাঁড়িয়েছেন এই তারকা। এর মধ্যে ৩৩ ম্যাচই জালে গোল জড়াতে দেননি তিনি।

গত মৌসুমে ইন্টার মিলানে ভেড়েন সোমার। প্রথম মৌসুমেই দলকে সিরি’আ চ্যাম্পিয়ন বানাতে বড় ভূমিকা রাখেন এই গোলরক্ষক। এর আগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে ছিলেন তিনি। দলটির হয়ে একটি শিরোপা জেতেন তিনি। এছাড়া সুইস ক্লাব বাসেলের হয়ে চারটি শিরোপার স্বাদ পান সোমার।