ঢাকা অফিস।।
দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গতকাল রবিবার দেশে ফিরে হাজারো নেতাকর্মী নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণ যাতে স্বাধীনতা, গণতন্ত্র এবং এই দ্বিতীয় বিজয় দিবসের সুফল ভোগ করতে পারে, সে জন্য আপনারা ধৈর্য ধরুন, শৃঙ্খলা ফিরিয়ে আনুন।
এর আগে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বেলা ২টা ১৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সালাহউদ্দিন আহমেদ। বিমানবন্দরে তাকে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী উষ্ণ অভ্যর্থনা জানান। ভিআইপি লাউঞ্জে ফুল দিয়ে বরণ করে নেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখান থেকে কয়েক হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে সরাসরি শের-ই-বাংলা নগরে গিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন সালাহউদ্দিন।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হন। ৬২ দিন পর একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর সেখানে নানা আইনি জটিলতা শেষ করে দেশে ফিরলেন সালাহউদ্দিন।
ফ্যাসিবাদের অবসান প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, এই দেশ একক কোনো ব্যক্তির নেতৃত্বে স্বাধীন হয় নাই। এই দেশ সারা বাংলাদেশের সমস্ত মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। স্বাধীনতা কোনো একক দলেরও হতে পারে না, কোনো একক ব্যক্তিরও হতে পারে না। এই মুক্তি এই বিজয় আমাদের সকলেরই, আমাদের সকলকে এ দেশ হেফাজত করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, সাইফুল আলম নিরব, আমিনুল হক, সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল ইসলাম, মাহবুবুল হক, যুবদলের মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের নাছির উদ্দীন নাছির, এসএ জাহাঙ্গীর প্রমুখ।











































