ঢাকা অফিস।।
নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা- জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায় এবং সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন। গতকাল রবিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে শপথ নেন দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারাও।
নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কমান্ডো ও বীরপ্রতীক ফারুক-ই আজম ঢাকার বাইরে থাকায় এখনো শপথ নেননি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। ওই দিন রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। গতকাল এই সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নিলেন।
শপথের পর তাদের দপ্তর দেওয়া হয়েছে। এর মধ্যে বিধান রঞ্জন রায় পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুপ্রদীপ চাকমা।
এদিকে গত শনিবার রাতে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ রেফাত আহমেদ। তিনি দেশের ২৫তম প্রধান বিচারপতি হলেন। শপথগ্রহণ শেষে নতুন প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টে নিজ দপ্তরে যান।
এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল প্রধান বিচারপতির। তবে বৈরী আবহাওয়ার কারণে যেতে পারেননি বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি জানান, প্রধান বিচারপতি ও সুপ্রিমকোর্টের বিচারপতিরা সোমবার (আজ) সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধ এবং সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।
বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতি দুইজন। দ্রুত আপিল বিভাগে আরও একাধিক বিচারপতি নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারকাজের জন্য আটটি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে দ্বৈত বেঞ্চ পাঁচটি, একক বেঞ্চ তিনটি। এসব বেঞ্চ গঠনের মধ্য দিয়ে বিচারকাজে ফিরছে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ। আজ সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চ বিচারকাজ শুরু করবে। গত ৭ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারকাজ স্থগিত করা হয়েছিল।











































