স্টাফ রিপোর্টার।।
খুলনায় এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। সোমবার রাতে বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুরের পর মঙ্গলবার সকাল থেকে ক্রমে পরিস্থিতির উন্নতি হতে দেখা যায়। তবে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা পুরোপুরি কাটেনি।
নগরীর কোথাও মঙ্গলবার পুলিশ মোতায়েন ছিল না। এমনকি ট্রাফিক পুলিশ সদস্যরাও ছিলেন না সড়কে। দেশের বিভিন্ন স্থানে দুদিন থানায় হামলা হলেও খুলনার কোনো থানায় হামলা হয়নি। তবে হামলার আশংকায় পুলিশ সদস্যরা সতর্ক রয়েছেন। দুপুরে খুলনা সদর থানায় গিয়ে দেখা যায়, প্রধান গেট তালাবদ্ধ। তবে পকেট গেট খোলা।
দুপুরে বয়রা এলাকায় মেট্রোপলিটন পুলিশ লাইনসে বিক্ষুব্ধ হয়ে ওঠেন কয়েকজন পুলিশ সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, তারা ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদেরকে শান্ত করেন।
এদিকে সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা নগরীতে টহল দেন। তারা কোথাও লোকজনের জটলা দেখলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন।
নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। তবে অন্যান্য যানবাহন চলাচল করলেও সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। নগরীর অনেক দোকানপাট এখনও খুলেনি। সরকারি অফিসে উপস্থিতিও ছিল কম। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষকরা গেলেও শিক্ষার্থীদের কম দেখা গেছে।











































