Home আঞ্চলিক বিজয়কে পুঁজি করে হামলা, ভাঙচুর বন্ধের আহ্বান

বিজয়কে পুঁজি করে হামলা, ভাঙচুর বন্ধের আহ্বান

20


স্টাফ রিপোর্টার।।
সাধারণ শিক্ষার্থীদের বিজয়কে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহলের হামলা, ভাঙচুর ও লুটপাট বন্ধের আহ্বান জানিয়েছে ‘বৈষম্যবিরোধী সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য, খুলনা’ নামে একটি সংগঠন। গতকাল মঙ্গলবার নগরীর শহীদ হাদিস পার্কের শহীদ বেদিতে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়েন নাগরিক নেতা আইনজীবী কুদরত-ই-খুদা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রকাশ হওয়ার পরপরই একদিকে যেমন মানুষ বিজয় উল্লাসে রাজপথে নেমে এসেছেন, অন্যদিকে কিছু সুযোগসন্ধানী স্থাপনা, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ঘটাচ্ছে। সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনাও আক্রান্ত হচ্ছে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি আদায় করতে গিয়ে রাজপথে আমাদের সন্তানদের জীবন দিতে হয়েছে। হত্যার শিকার হয়েছেন নিরীহ নারী-পুরুষ-শিশু-সাংবাদিক-প্রশাসনের লোক। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ-রাষ্ট্র কাঠামো গঠনের যে চেতনাকে ধারণ করে এত জীবন, রক্ত, ত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয় অগণতান্ত্রিক, জবাবদিহিতাহীন, সাম্প্রদায়িক ও স্বৈরতন্ত্রের জন্ম না দেয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, নাগরিক নেতা আইনজীবী বাবুল হাওলাদার, সাংস্কৃতিক সংগঠক মাহফুজুর রহমান মুকুল, জাহাঙ্গীর আলম সিদ্দিকী, অজন্তা দাস, সরদার আবু তাহের, আলমাস আরা, মেরীনা যুথি প্রমুখ।