বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের ৯ দফা দাবী আদায়ের গণপদযাত্রার প্রস্তুতিকালে পুলিশী আমলায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের লাটিচার্জে কমপক্ষে ৫ জন আহত হন। হামলায় এলোমেলো শিক্ষার্থীদের মধ্য থেকে ৫ শিক্ষার্থীকে আটক করা হয়। তারা হলেন, শোভন হোসেন, তৌসিফ হোসেন, নিশান, মোয়াজ স্বাদ। আন্দোলনকারীরা কর্মসূচী সফল করতে শুক্রবার বিকেলে শহরের মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে জড়ো হতে থাকে। এরপর বিকেল ৩ টার দিকে মিছিল বের করতে গেলে পুলিশ হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৫ শিক্ষার্থীকে আটক করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা নলডাঙ্গা সড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে কোলা স্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে সরকার তাদের বুকের রক্ত ঝরাচ্ছে। পুলিশের গুলিতে সারাদেশে ইতোমধ্যে তাদের অনেক ভাই শহীদ হয়েছেন। পঙ্গুত্ববরন করেছেন অসংখ্য শিক্ষার্থী। তারা বলেন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। তাদের আন্দোলনকে দমিয়ে দিতে সারাদেশে গন গ্রেফতার চালানো হচ্ছে। কিন্ত নিরীহ শিক্ষার্থীদের ওপর এমন স্বৈরাচারী কর্মকান্ড চালিয়ে চলমান আন্দোলন নিভিয়ে ফেলা যাবে না। সব শেষে আটক শিক্ষার্থীদের ১২ ঘন্টার মধ্যে মুক্তি না দেয়া হলে কঠোর কর্মসূচীর আল্টিমেটাম ঘোষনা করেন তারা।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান, আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট পাটকেল ছুড়লে পুলিশ ৫ জনকে আটক করেছে। তিনি আরও বলেন, আন্দোলনকে ঘিরে যে কোন নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।











































