ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ অপেক্ষার পর আজ ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের আসরের বর্ণিল উদ্বোধন হতে যাচ্ছে। ফ্র্যান্সের রাজধানী প্যারিসের সিন নদীতে পৃথিবীর সবচেয়ে বড় এই মহা ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অলিম্পিক আসরের ইতি ঘটবে ১১ আগস্ট।
ইতিহাসে এই প্রথমবারের মতো অলিম্পিক আসরের উদ্বোধনী হতে যাচ্ছে স্টেডিয়ামের বাইরে। অলিম্পিক আসরের উদ্বোধন উপলক্ষে সিন নদী নবরূপে সেজেছে। নদীর দুই পাড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। প্রত্যাশা করা হচ্ছে প্রায় এক লাখ চার হাজার মানুষ স্ট্যান্ড থেকে উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। এ ছাড়া দুই লাখ ২০ হাজার মানুষ নদীর পাশে রাস্তা থেকে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে প্রায় ছয় লাখ মানুষ সিন নদীতে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবেন।
অলিম্পিকের প্যারেডে অংশ নেবেন সাড়ে ১০ হাজার অ্যাথলেট। প্রত্যেক দেশের প্রতিনিধিত্বকারী প্রায় ১০০টি নৌকা করে সিন নদী পাড়ি দেবেন। ঐতিহ্যবাহী আইফেল টাওয়ারকে প্যারেডের শোতে প্রাধান্য দেওয়া হয়েছে। প্যারেডে বাংলাদেশের পতাকা বহন করবেন সাগর ইসলাম। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। আশা করা হচ্ছে, প্যারিস অলিম্পিকের উদ্বোধন করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এবারের অলিম্পিকের মূল থিম হলো ‘গেমস ওয়াইড ওপেন’।
সাড়ে তিন ঘণ্টাব্যাপী চলবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। সিন নদীতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানকে ১২টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রায় তিন হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেবেন। ‘টাইটানিক’-এর ‘মাই হার্ট উইল গো অন’খ্যাত গায়িকা সেলিন ডিওন উদ্বোধনী অনুষ্ঠান রাঙাবেন। আমেরিকান পপ তারকা লেডি গাগাও পারফর্ম করবেন। এ ছাড়া প্রখ্যাত ফরাসি গায়িকা আয়া নাকামুরাও পাদপ্রদীপে থাকবেন। নদীতে হলেও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আলাদা নজর কাড়বে সবার- এমনটিই আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি।
অংশগ্রহণকারী শিল্পীরা সিন নদীর দুই তীরে, সেতুতে ও কাছাকাছি স্মৃতিস্তম্ভগুলোয় থাকবেন। নটর ডেম ক্যাথেড্রালও থাকবে আয়োজনের অংশ হিসেবে। উদ্বোধনী অনুষ্ঠান দিনের আলোর পাশাপাশি গোধূলিবেলায়ও দেখা যাবে। নদীতে অনুষ্ঠানের আয়োজন করায় দল পরিচিতিও থাকবে ভিন্নতা। তবে ঐতিহ্য মেনেই উদ্বোধনী অনুষ্ঠানে সবার আগে পরিচয় করিয়ে দেওয়া হবে অলিম্পিকের জন্মভূমি গ্রিসকে। এরপর দেখা যাবে শরণার্থী অলিম্পিক দলকে। সবার শেষে পরিচয় করে দেওয়া হবে আয়োজক দেশ ফ্রান্সকে। ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় দল হিসেবে রাশিয়া ও বেলারুশকে অলিম্পিকে নিষিদ্ধ করা হয়েছে। তবে এই দুই দেশের খেলোয়াড়রা ব্যক্তিগত পরিচয়ে অলিম্পিকে অংশ নেবেন।
আজ অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনী হলেও এরই মধ্যে বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হয়ে গেছে। রাগবি, ফুটবল, আর্চারি খেলা শুরু হয়েছে। এবারের আসরে পৃথিবীর মোট ২০৬ দেশ অংশ নিচ্ছে। সাড়ে ১০ হাজারের বেশি অ্যাথলেট বিভিন্ন ইভেন্টে পদকের জন্য লড়াই করবেন। মোট ৩২৯টি ইভেন্টের ৩২টি খেলা অনুষ্ঠিত হবে। এবারে অলিম্পিক আয়োজনের জন্য প্রায় ৯ মিলিয়ন ইউরো খরচ হবে।
১৯৮৪ সালের আসর থেকে অলিম্পিকে ক্রীড়াবিদ পাঠাচ্ছে বাংলাদেশ। এবার আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ১৩ সদস্যের দল। এর মধ্যে ৫ জন অ্যাথলেট ও ৮ জন অফিসিয়াল রয়েছে। বাংলাদেশ মোট চারটি ইভেন্টে (সাঁতার, আরচারি, অ্যাথলেটিকস ও শুটিং) অংশ নিচ্ছে। এবারের আসরে নিজের যোগ্যতাবলে সরাসরি অলিম্পিকে খেলছেন আরচার সাগর ইসলাম। বাকি চার অ্যাথলেট- শুটার রবিউল ইসলাম, স্প্রিন্টার ইমরানুর রহমান, সাঁতারু সামিউল ইসলাম ও সোনিয়া খাতুন ওয়াইর্ল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশ নিয়েছেন। এরই মধ্যে গতকাল আরচারি ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের অলিম্পিক শুরু হয়ে গেছে। সাগর ইসলাম আরচারি ইভেন্টে অংশ নেন।











































