ক্রীড়া ডেস্ক।।
ছবি, কবিতা, শিল্প ও সাহিত্যের দেশ ফ্রান্স। ইউরোপের এই দেশটিকে নান্দনিক ফুটবলের দেশও বলে থাকেন কেউ কেউ। দেশটির রাজধানী প্যারিস, যা শত শত বছর ধরে বিখ্যাত হয়ে আছে। এই শহর নিয়ে অনেক গল্প আছে। নতুন নতুন গল্পও রচিত হয়। যার উল্লেখযোগ্য সংখ্যায় থাকবে ভালোবাসার গল্প। যে গল্পে যুক্ত হলেন অলিম্পিক গেমস খেলতে আসা দুই ক্রীড়াবিদ।
অলিম্পিক গেমসে প্রেম দেওয়া-নেওয়া কিংবা বিয়ের ঘটনা নতুন কিছু নয়। এমনটা প্যারিসে হবে না সেটি হয় নাকি! কেননা ভালোবাসার শহর খ্যাত প্যারিস এখন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ক্রীড়া মহাযজ্ঞের শহর। এখানে গত পরশু হাঁটু গেড়ে বসে আর্জেন্টিনার নারী ফিল্ড হকি দলের খেলোয়াড় পিলার ক্যাম্পয়কে আংটি নিবেদন করেছেন স্বদেশি ছেলেদের হ্যান্ডবল দলের খেলোয়াড় সিমোনেত পাবলো। এক প্রতিবেদনে এ বিয়ের প্রস্তাবের খবরটি তুলে ধরেছে ইএসপিএন।
ক্যাম্পয় এবং পাবলোর সঙ্গে চেনাজানা অবশ্য আগে থেকেই। দুজনের মধ্যে অনেক দিন ধরেই চলছে প্রেম। এই প্রেমের প্রণয় হয়তো ঘটতে যাচ্ছে। গল্পের পূর্ণতার জন্য দুজনই বেছে নিয়েছেন অলিম্পিক ভিলেজকে। তাদের এই গল্পের সঙ্গে জুড়ে আছেন সতীর্থরাও। আংটি নিবেদনের সময় দুই দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। ঘটনাটি বেশ উপভোগ করছিলেন তারা। এ ঘটনার ভিডিও ও ছবি আবার আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।
ভিডিওতে দেখা যায় খেলোয়াড়দের জটলার মধ্য থেকে বেরিয়ে এসে ক্যাম্পয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়েন পাবলো। এ সময় ছোট্ট একটি বাক্স খুলে আংটি নিবেদন করেন তিনি। বিস্ময় ও আবেগে আনন্দে আত্মহারা হয়ে পড়েন ক্যাম্পয়। হাসিমুখে দুই হাত দিয়ে মুখ ঢাকেন তিনি। তাদের সতীর্থরা করতালি দিতে তাকেন। কেউ কেউ ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন এসব দৃশ্য। প্রেমিককে প্রত্যাখ্যান করতে পারেননি ক্যাম্পয়। রাজি হয়েছেন তিনি। প্রেমিকের দেওয়া আংটি সানন্দ্যে আঙুলে পরে নেন ক্যাম্পয়।
গত বছর চিলিতে অনুষ্ঠিত প্যান আমেরিকান গেমসে নিজেদের ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন এই যুগল। আরও বড় মঞ্চ প্যারিসেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান তারা। তারা পদক পান বা না পান দুজনের ইতোমধ্যে একটা অর্জন হয়ে গেছে। বিয়ে করতে যাচ্ছেন দুই আর্জেন্টাইন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, পাবলো প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন তার বড় ভাই ডিয়েগো। আর্জেন্টিনার হ্যান্ডবল দলের খেলোয়াড় তিনি। ডিয়েগো-পাবলোর বড় ভাই সেবাস্তিয়ান আর্জেন্টিনা হ্যান্ডবল দলের হয়ে শেষ তিনটি অলিম্পিকে অংশ নিলেও এবার সুযোগ মেলেনি তার।
পাবলো ও ক্যাম্পয়ের প্রেম চলছে ২০১৫ সাল থেকে। কিন্তু কাকতালীয় ব্যাপার হচ্ছে দুজনের প্রথমবার দেখা হয়েছিল এই প্যারিসেই। এ কারণে বিয়ের প্রস্তাবের জন্য এই শহরকে বেছে নেওয়া পাবলোর। তিনি বলেন, ‘আমি প্যারিসকেই বেছে নিতে চেয়েছি। কারণ এখানেই আমাদের দেখা হয়েছিল। তখন আমি ফ্রান্সের ইভরিতে খেলছিলাম। তাই আমি ভেবেছি কাজটি করার জন্য এটিই সেরা জায়গা আর অলিম্পিক গেমস তো আছেই। সব মিলিয়ে এটিই সেরা মুহূর্ত। যখন আমরা নিজ নিজ দলে জায়গা পেলাম, তখনই বুঝেছি প্যারিসে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি ওকে।’











































