আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানে নতুন নির্বাচন দাবি করেছেন ইমরান খান। রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তার আদিয়ালা কারাগার থেকেই এই দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা।
নির্বাচনের কথা বলতে গিয়ে ইমরান খান বলেছেন, ‘আমি লা ইলাহা ইল্লাল্লাহুতেই’ (আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই) বিশ্বাস করি। আর এই বিশ্বাস থেকেই আমি মনে করি সত্যের মুক্তির পথে আমার এ সংগ্রাম অব্যাহত থাকবে। প্রায় এক বছর জেলে বন্দি থেকে ও অত্যধিক তাপমাত্রাতেও আমি স্বৈরাচারীদের কাছে মাথা নত করবো না।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের এই বার্তা প্রকাশ করা হয়। তাতে তিনি আরও বলেছেন, ‘আমি কারাগারে মরতে প্রস্তুত। তবে, যতো দিন বেঁচে থাকি, লড়াই করে যাবো।’ সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ইতিহাসের সবচেয়ে ভুয়া ছিল উল্লেখ করে খান বলেছেন, সারা দেশই এই কথা জানে। এর পরও চিফ জাস্টিস কাজি ফায়েজ ইসা বলে যাচ্ছেন এই নির্বাচন কমিশন নাকি ভালো করেছে। আমাদের ন্যায়বিচার পেতে হচ্ছে এই কমিশন থেকে। আমি নতুন করে নির্বাচন চাই। আর তা হতে হবে নতুন ও নিরপেক্ষ কমিশনের মাধ্যমে।
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইমরান খান। এর পর থেকেই একের পর এক সংকটে পড়ছেন ৭১ বছর বয়সি এই রাজনীতিবিদ। গত বছরের আগস্ট থেকে জেলখানায় রয়েছেন তিনি। মোট চারটি মামলায় অভিযুক্ত তিনি। তবে এর মধ্যে দুই মামলার কারাদণ্ড বাতিল করা হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস











































