Home আঞ্চলিক সাতক্ষীরায় উচ্ছেদের পর পলিথিনের নিচে বসবাস

সাতক্ষীরায় উচ্ছেদের পর পলিথিনের নিচে বসবাস

31


সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের উন্নয়ন কাজের জন্য উচ্ছেদের শিকার ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসন দাবি করেছেন নাগরিক অধিকার কর্মীরা। গতকাল বুধবার সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এমন দাবি তোলেন তারা। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এ কর্মসূচি পালন করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক উন্নয়নের জন্য ১ জুলাই থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সড়কটির পাশে ইটাগাছা-বাকাল এলাকায় থাকত শতাধিক পরিবার। সবাই নিম্ন আয়ের মানুষ। উচ্ছেদের পর তারা মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তাদের দিন কাটছে আকাশের নিচে।

বক্তারা মানববন্ধনে এসব পরিবারের দুর্দশার কথা তুলে ধরে বলেন, পরিবারগুলো বসতঘর হারিয়ে দিশেহারা। খোলা মাঠে পলিথিন টানিয়ে দিনরাত কাটছে। কারও ঘরে দুই দিনেও চুলা জ্বলেনি। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাদের। নারীরা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জায়গাও পাচ্ছেন না। বৃষ্টির মধ্যে শিশুদের কোলে নিয়ে সৃষ্টিকর্তার নাম স্মরণ করছেন অভিভাবক।

তারা বলেন, এসব পরিবার জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে ভিটে-মাটি হারিয়ে জেলার বিভিন্ন জায়গা থেকে ৪০-৫০ বছর আগে সাতক্ষীরা শহরের ইটাগাছা, বাঙালের মোড় এলাকায় সওজ বিভাগের জায়গায় খুপড়ি ঘর বেঁধে বসবাস শুরু করে। কেউ ভ্যান-রিকশা চালান, কেউ জোগালি, কেউ দিনমজুর। এদের মধ্যে স্বামী পরিত্যক্ত নারীর পাশাপাশি বিধবা ও প্রতিবন্ধীও আছেন। তাদের যাওয়ার কোনো জায়গা নেই।

নাগরিক নেতাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারকে প্রকৃত তথ্য সরবরাহ না করায় এসব পরিবার পথে বসেছে। শুধু ইটাগাছা বস্তি নয়, এমন হাজারো ভূমিহীন পরিবার এখনও সাতক্ষীরা জেলায় রয়েছে, যাদের থাকার নিরাপদ জায়গা নেই। রাস্তার পাশে খুপড়ি ঘর বেঁধে জীবনযাপন করছে। অথচ এসব পরিবারের কথা বিবেচনায় না নিয়েই সাতক্ষীরাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছে সরকার। এ নিয়ে ফেসবুকে অনেকে ট্রলও করেন। অবিলম্বে উচ্ছেদ হওয়া ভূমিহীন অসহায় মানুষকে পুনর্বাসনের দাবি করেন তারা।

সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের উন্নয়নকে জেলাবাসীর জন্য কাঙ্ক্ষিত উল্লেখ করে তারা বলেন, উচ্ছেদ অভিযান শুরুর আগেই ভূমিহীনদের জন্য তৈরি আবাসন প্রকল্পে পরিবারগুলোর জন্য ঘর বরাদ্দ করা উচিত ছিল। তাহলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। এতে সরকারের ভাবমূর্তিও উন্নত হতো।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন সদস্য সচিব আবুল কালাম আজাদ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিপিবির আবুল হোসেন, বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী, গণফোরামের আলী নুর খান বাবুল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুনসুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, প্রকৃতি ও জীবন ক্লাবের আব্দুস সামাদ, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের মুশফিকুর রহিম, উচ্ছেদ হওয়া প্রতিবন্ধী হাফিজা খাতুন, জবেদা খাতুন প্রমুখ।