খুলনাঞ্চল রিপোর্ট।।
পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদের ঈশ্বরদী, পাবনা ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ভকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়ায় পাবনা সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল জানান, ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত চারজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে আরও একজন।
হাসপাতালে নেওয়ার পর যে দুজন মারা গেছে তারা হলেন, ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের মাসুম আলীর ছেলে সিফাত হোসেন (১৯) ও সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে শাওন হোসেন (১৯)।
নিহত অন্যদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।











































