Home আঞ্চলিক ফেসবুকে প্রেম করে বাংলাদেশে, পতাকা বৈঠকে ভারতীয় নারীকে ফেরত

ফেসবুকে প্রেম করে বাংলাদেশে, পতাকা বৈঠকে ভারতীয় নারীকে ফেরত

36


বেনাপোল (যশোর) প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েন পিংকি সরকার (২১) নামে এক ভারতীয় নারী।

গত ২৯ জুন তিনি চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসেন। বৃহস্পতিবার সকালে বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ওই নারীকে হস্তান্তর করা হয়।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকারের (২১) সঙ্গে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এর পর দুজনের মধ্যে দুই বছর ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসেন পিংকি। ৩ দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সঙ্গে অবস্থান করছিলেন পিংকি।

একপর্যায়ে সমর তার বন্ধুকে দিয়ে বুধবার সকালে পিংকিকে পাঠিয়ে দেয় এবং বলে তুমি আমার বন্ধুর সঙ্গে যাও আমি আসছি। এদিকে সমর না এলেও ঠিকই পিংকিকে বেনাপোল বর্ডারে ফেলে পালিয়ে যায় সমরের বন্ধু। মেয়েটির কান্নাকাটি দেখে স্থানীয় ও বিজিবি সদস্যরা একটি বাড়িতে রাখেন।

সুবেদার মো. মিজানুর রহমান জানান, সব ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয়। পতাকা বৈঠক করে ভারতীয় ওই নারীকে বৃহস্পতিবার সকালে বিএসএফের হাতে হস্তান্তর করা হয়। বিএসএফ পরে তার পরিবারের হাতে হস্তান্তর করবেন বলে জানা গেছে।