Home আঞ্চলিক ঘুসি মেরে নারী কাউন্সিলরের ঠোঁট ফাটালেন পুরুষ কাউন্সিলর

ঘুসি মেরে নারী কাউন্সিলরের ঠোঁট ফাটালেন পুরুষ কাউন্সিলর

35


কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া পৌরসভায় কথা কাটাকাটি নিয়ে ঘুসি মেরে নারী কাউন্সিলরের ঠোঁট ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আরেক কাউন্সিলর কৌশিক আহম্মেদ বিচ্ছুর বিরুদ্ধে। এ নিয়ে হুলুস্থুল শুরু হয়ে যায় পৌরসভাজুড়ে।

দুই ভাগে বিভক্ত হয়ে মুখোমুখি অবস্থান নেন কাউন্সিলররা। থানা থেকে পুলিশের একাধিক দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌরসভায় কাউন্সিলরদের মিলনায়তনে এমন ঘটনা ঘটে। এ সময় অনেক কাউন্সিলর সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনেই হামলা হয়।

নারী কাউন্সিলরের নাম মোছাম্মত পারভীন হোসেন। তিনি কুষ্টিয়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড ১৯, ২০ ও ২১-এর কাউন্সিলর। আর অভিযুক্ত কাউন্সিলরের নাম কৌশিক আহম্মেদ। তিনি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

নারী কাউন্সিলর বলেন, কাউন্সিলর কৌশিক নামাজের উদ্দেশে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় আমি পেছন থেকে বাবু-সোনা বলে ডাক দিই। এরপর তিনি এসে আমি নাকি তাকে গালি দিয়ে ডাক দিয়েছি- এই বলেই কিলঘুসি মারতে থাকেন। ঘুসি মেরে আমার ঠোঁট ফাটিয়ে দিয়েছে। এ নিয়ে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তিনি বলেন, কাউন্সিলর বিচ্ছু পৌরসভায় একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। তার দাপটে অন্য কাউন্সিলররা কোণঠাসা হয়ে থাকেন।

আর কৌশিক বলেন, নারী কাউন্সিলর মদপান করে এখানে আসেন প্রতিদিন। তিনি আমাকে বিশ্রীভাষায় গালি দিয়ে ডাক দেন। আমি এর প্রতিবাদ করতেই তিনি চায়ের কাপ ছুড়ে মারলে আমার গায়ে এসে লাগে। এরপর আমি তাকে ঘুসি মেরেছি।

তিনি বলেন, মদপান করে এসে প্রতিদিন তিনি ঝামেলা করেন।

এদিকে মদপান করার কথা বললে উত্তেজনা জড়িয়ে পড়ে। নারী কাউন্সিলরের স্বজনরা উত্তেজিত হয়ে কৌশিককে মারতে যান। এরপর পুলিশ তাকে সরিয়ে দেয়। কাউন্সিলর পারভীন হোসেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

প্রত্যক্ষদর্শী অন্য কাউন্সিলররা জানান, কৌশিক ইচ্ছাকৃতভাবে নারী কাউন্সিলর পারভীনকে ঘুসি মেরেছেন। ঘুসি মেরে তিনি অন্যায় করেছেন। তার বিচার হবে। এ ধরনের ঘটনা কাম্য নয় বলে জানান তারা।

পুলিশ জানায়, নারী কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ পেয়ে আমরা এসেছি। এখন উত্তেজনা নেই। দুপক্ষকে থানায় ডাকা হয়েছে।