Home খেলাধুলা মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে চেন্নাইয়ের উচ্ছ্বাস

মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে চেন্নাইয়ের উচ্ছ্বাস

27


স্পোর্টস ডেস্ক

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। দেশের হয়ে খেলার জন্য চেন্নাইকে মাঝপথে বিদায় জানিয়েছিলেন এই বাঁহাতি পেসার। তবে যতদিন ছিলেন, দাপুটে পারফরম্যান্সই দেখিয়েছেন ‘দ্য ফিজ’। তাইতো মোস্তাফিজ ভালো বোলিং করলে উচ্ছ্বাস প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটিও।

শ্রীলংকার বিপক্ষে ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে দলের সেরা বোলার ছিলেন মোস্তাফিজই। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিনি শিকার করেন ৩ উইকেট। এর মধ্যে দুইটিই আবার টপ অর্ডারের দুই ব্যাটার, কামিন্দু মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা। পরে শিকার করেন মহেশ থিকসানাকে।

এমন দাপুটে পারফরম্যান্সের পর চেন্নাই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজের ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘আপনার চোখের শান্তি।’

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে আইপিএল ছেড়ে গত ২ মে বাংলাদেশে ফিরেছিলেন মোস্তাফিজ। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এবারের আসরে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। সেই ফর্ম পরের ম্যাচগুলোতেও বজায় রাখেন এই বাঁহাতি পেসার। সবমিলিয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। আইপিএল থেকে ফেরার সময় ছিলেন যৌথ সর্বোচ্চ উইকেটশিকারী। প্রথমদিকে বেশ কিছুদিন সর্বোচ্চ উইকেটশিকারী নির্দেশক পার্পল ক্যাপ ছিল তার মাথায়।