Home খেলাধুলা ওইয়ারসাবালের হ্যাটট্রিকে স্পেনের গোল উৎসব

ওইয়ারসাবালের হ্যাটট্রিকে স্পেনের গোল উৎসব

15


স্পোর্টস ডেস্ক

মিকেল ওইয়ারসাবালের অনন্য হ্যাটট্রিকে পুঁচকে অ্যান্ডোরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। এ জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতি ম্যাচে দারুণভাবেই শেষ করল দলটি।

বুধবার রাতে স্পেনের হয়ে অন্য দুটি গোল করেন আইওসে পেরেস ও ফেররান তরেস। যেখানে ম্যাচের ২৪তম মিনিটেই গোল পেয়ে যায় দলটি। পাও কুবারসির হেড পাস পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন জাতীয় দলে অভিষিক্ত পেরেস।

বিরতির পর আলভারো মোরাতার বদলি নামার আট মিনিটের মধ্যে গোল উৎসব শুরু করেন ওইয়ারসাবাল। দারুণ পাসিং ফুটবলে শাণানো আক্রমণে খুব কাছ থেকে ফ্লিকে নিজের প্রথম গোলটি করেন তিনি। ১২ মিনিট পর প্রতি আক্রমণে সতীর্থের পাস বক্সে পেয়ে অনায়াসে স্কোরলাইন ৩-০ করেন রেয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড। ৭৩তম মিনিটে জটলার মধ্যে দ্বিতীয় প্রচেষ্টায় হ্যাটট্রিক পূরণ করেন ওইয়ারসাবাল। এরপর খেলার ৮১তম মিনিটে বার্সেলোনা ফরোয়ার্ড তরেস কোনাকুনি শটে দলের শেষ গোলটি করেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ের আট নম্বর দল স্পেন ইউরোর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী শনিবার নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা।