স্পোর্টস ডেস্ক
গুঞ্জনের অবসার ঘটিয়ে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি দেওয়ার পর ফ্রান্সের হয়ে প্রথম ম্যাচে আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে। এক গোলের পাশাপাশি সতীর্থদের করালেন আরও ২ গোল। তার নৈপুণ্যেই লুক্সেমবার্গকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স।
বুধবার রাতে ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে শেষ প্রস্তুতিপর্বে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধে রন্দাল কোলো মুয়ানি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ইয়োনাথাঁ ক্লস ও এমবাপ্পে।
এদিন প্রথমার্ধের শেষ দিকে এমবাপ্পের ক্রসে হেডে গোল করেন পিএসজির ফরোয়ার্ড কোলো মুয়ানি। ৭০তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের ছোট করে নেওয়া কর্নারের পর এমবাপ্পে পাস দেন ক্লসকে। বক্সের বাইরে থেকে এই ডিফেন্ডারের জোরাল শট ক্রসবারের নিচে লেগে জালে জড়ায়। আর ৮৫তম মিনিটে বারকোলার পাসে বক্সে পেনাল্টি স্পটের কাছ থেকে স্লাইডে স্কোরলাইন ৩-০ করেন এমবাপ্পে।
এদিকে জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আগামী রোববার কানাডার মুখোমুখি হবে ফ্রান্স।











































