Home আঞ্চলিক খুলনায় ভূমিসেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে প্রেস কনফারেন্স

খুলনায় ভূমিসেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে প্রেস কনফারেন্স

72

তথ্য বিবরনী।।

আগামী ৮ জুন ভূমিসেবা সপ্তাহ পালন করা হবে। খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স আজ (বৃহস্পতিবার) বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ। ভূমিসেবা সপ্তাহ উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, সরকার চেষ্টা করছে ভূমিসেবাকে কিভাবে সহজীকরণ করা যায়। দেশের অনেক মানুষের জমি-জমা সংক্রান্ত বিষয়ে ধারণা কম। সঠিক ও নির্ভুল ভূমি ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্ব দিতে হবে। সরকার ভূমি সেক্টরের সকল দুর্নীতি দূর করা ও নাগরিক সেবাসমূহ সহজ করার চেষ্টা করছে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ৮ জুন সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হবে। ভূমি মন্ত্রণালয়ের অন্যতম উদ্যোগ হলো অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা। ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা হচ্ছে। বর্তমানে নাগরিকরা ভূমি অফিসে না এসে অনলাইনে নামজারি, সার্টিফাইড পর্চা, মৌজা ম্যাপের আবেদন করতে এবং জমির খাজনা পরিশোধ করতে পারছেন। নামজারি করার সাথে ম্যাপ ও খতিয়ান সংশোধন করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশের প্রায় এক লাখ ৩৮ হাজার মৌজা ম্যাপকে ডিজিটাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও ভূমি মালিকদের ভোগান্তি কমাতে ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমি রেকর্ডসহ স্মার্ট ভূমিসেবা কেন্দ্র তৈরি করা হয়েছে। চালু হয়েছে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং-ম্যাপিং ও ডিজিটাল রেকর্ডরুম সিস্টেম থেকে জমির রেকর্ড অনলাইনে যাচাই করা।

প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) বিতান কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যানবাহন ও নৌযান চলাচলে কেএমপির নিষেধাজ্ঞা

আগামী ৯ জুন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে যানবাহন ও নৌযান চলাচলের বিষয়ে নি¤œরূপ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৮ জুন-২০২৪ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৯ জুন-২০২৪ দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (আড়ংঘাটা থানাধীন রংপুর ও গুটুদিয়া ইউনিয়ন এবং হরিণটানা থানাধীন গুটুদিয়া ইউনিয়ন) এ ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, লঞ্চ, ইঞ্জিন চালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে নির্বাচনি এলাকায় ৭ জুন-২০২৪ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১০ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

উল্লেখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচপত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। সেই সাথে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচপত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন/নৌ-যান চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

আগামী ৯ জুন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ/১৯৮৫ এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনি এলাকায় (আড়ংঘাটা থানাধীন রংপুর ও গুটুদিয়া ইউনিয়ন এবং হরিণটানা থানাধীন গুটুদিয়া ইউনিয়ন) এ আগামীকাল ৭ জুন থেকে ১৬ জুন-২০২৪ পর্যন্ত সকল বৈধ অস্ত্রের মালিক/লাইসেন্সধারীগণ কর্তৃক অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাফেরা করার ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ আদেশ ডুমুরিয়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন কাজে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য ও বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত প্রহরীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।