ঢাকা অফিস
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় সেলেষ্টি রহমান ওরফে শিলাস্তি রহমান ও তানভীর ভূঁইয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরেক আসামি শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ।
বুধবার (৫ জুন) রিমান্ড শেষে শিমুল ভূঁইয়াকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। শিমুল ভূঁইয়া স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জবানবন্দি রেকর্ড করেন। এর পর শিমুল ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
এ মামলায় শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান প্রথম দফায় ৮ দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে ছিলেন। সোমবার শিলাস্তি রহমান এবং মঙ্গলবার তানভীর ভূঁইয়া একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ২২ মে আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন।











































