ঢাকা অফিস।।
মার্কিন যুক্তরাষ্ট্রকে ’জালেম’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, মানবাধিকারের নামে তারা মানুষকে বোকা বানাচ্ছে, মূলত তারাই জালেম।
শুক্রবার (৩১ মে) দুপুরে ফিলিস্তিনে ইসরাইলের চালানো নৃশংসতার প্রতিবাদে আয়োজিত ইসলামী আন্দোলনের গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করীম বলেন, ইসরাইল জালেম। এদিকে আমাদের বর্তমান সরকারও ধোঁকাবাজ। তাই মুখে ফিলিস্তিনিদের পক্ষে বললেও তলে তলে ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছে
ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা হয়েছে বলেও জানান দলের আমির।
তিনি বলেন, ‘আজ ফিলিস্তিনের মা-বোনদের ওপর অমানুষিক অত্যাচার করা হচ্ছে। অথচ আশ্চর্যের বিষয় হলো সেই আমেরিকা মুখরোচকভাবে তাদের মানবতার গল্প শোনায়।’
চরমোনাই পীর আরও বলেন, ‘যেসব সিনিয়র অফিসার তাদের ক্ষমতায় নিয়ে এসেছে, তাদের দুর্নীতির খবর সামনে আসার পর সরকার বিভিন্ন গল্পের মাধ্যমে জনগণকে বুঝ দিয়ে রাখছে। অথচ সরকার কি জানে না যারা দুর্নীতিবাজ তারা সবসময়ই দুর্নীতিবাজ।’











































